মা ও শিশুদের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন: আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে ভালোবাসা জানাতে বছরের সবকটা দিনও যথেষ্ট নয়। মাকে নিয়ে ভালোবাসার অনুভূতি দিবসের গণ্ডিতে কখনো প্রকাশযোগ্য নয়। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, সব সময় তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না বেশির ভাগ সন্তানেরই।
আজ মা দিবস। মায়ের মমতা, ত্যাগ ও মর্যাদা স্মরণ করার দিন। মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবসের এই দিনে পৃথিবীর প্রতিটি প্রান্তে মাকে একটু আলাদা করে শ্রদ্ধা জানানো হয়।
বিশ্বজুড়ে মা দিবসের বর্ণাঢ্য উদ্যাপন মূলত আমেরিকানরা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবস্টার জংশনের বাসিন্দা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেছেন অনাথদের সেবায়। এই মানুষটি মারা যান ১৯০৫ সালে। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে তাঁর মেয়ে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। জীবনের প্রতিটি আনন্দ-বেদনার মুহূর্তে মায়ের আঁচল খুঁজে ফেরে সবাই। মা সব সময়ই থাকেন, থাকবেন—কখনো পৃথিবীর বাস্তবতায়, কখনো দেহের বন্ধন ছেড়ে চলে যাওয়ার পর সন্তানের ভালোবাসায়। আজকের মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি তাই নিবেদিত শ্রদ্ধা।
আইএলও: মা দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বজুড়ে মা ও শিশুদের সামাজিক নিরাপত্তা জরুরি ভিত্তিতে আরও বাড়ানো প্রয়োজন। সংগঠনটির মা ও শিশুদের সামাজিক নিরাপত্তা বিষয়ে করা দুটি নতুন গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষণা দুটিতে বাংলাদেশসহ ১৮৮টি দেশের মাতৃত্বকালীন নিরাপত্তা এবং শিশু ও পরিবারভিত্তিক উন্নয়নমূলক কর্মসূচির জাতীয় তথ্য নেওয়া হয়েছে।