মা ও শিশুমৃত্যু আরও কমিয়ে আনার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য-বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী l ছবি: প্রথম আলো
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য-বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী l ছবি: প্রথম আলো

জনসংখ্যা বেশি এমন ২৬টি দেশের মোর্চা পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সদস্যদেশগুলোতে মা ও শিশুমৃত্যু আরও কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা নিজ দেশের সফল উদ্যোগ তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
‘ইন্টার মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন এভরি উইম্যান এভরি চাইল্ড এভরি এডোলেসেন্ট: এ সাউথ টু সাউথ পার্সপেক্টিভ অন সারভাইভ, থ্রাইভ অ্যান্ড ট্রান্সফর্ম’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিপিডি এই সম্মেলনের আয়োজন করে।
স্পিকার কমিউনিটি ক্লিনিক কীভাবে দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে তার উল্লেখ করেন। তিনি বলেন, ২০১০ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ‘প্রত্যেক নারী, প্রত্যেক শিশু’ নীতি মেনে চলতে সব দেশকে অনুরোধ করেছিলেন। তার সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা যুক্ত করাটা খুবই সময়োপযোগী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে মিল রেখে সারভাইভ (বেঁচে থাকা), থ্রাইভ (বিকশিত হওয়া) ও ট্রান্সফরমেশন (রূপান্তর বা পরিবর্তন)—এই তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। পিপিডি মাতৃমৃত্যুর হার ৭০, নবজাতকের মৃত্যুহার ১২ এবং পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২৫-এ নামিয়ে আনার কথা বলেছে। ম্যালেরিয়া, যক্ষ্মা, এইচআইভি/ এইডস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে। এ ছাড়া বিকশিত হওয়ার জন্য কেউ যেন অপুষ্টিতে না ভোগে, প্রত্যেকে যেন যৌন ও প্রজননসেবা সহজে পেতে পারে এবং সবাই যেন সুলভে স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করার কথাও বলা হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপমন্ত্রী ওয়াং পেইয়ান অন্য দেশগুলোও চীনের অর্থনৈতিক উন্নতির ভাগীদার বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্কুল ও হাসপাতাল নির্মাণে চীন সাহায্য করতে ইচ্ছুক।
কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গত বছর ভারত তার স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করেছে বলে জানান ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তবে পিপিডির শক্তি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নারীরা যেন হাসপাতালে এসে সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন সে জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলোর উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, অগ্রগতি যে সম্ভব তা সারা বিশ্ব দেখেছে বলে মন্তব্য করেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি আরও বলেন বাংলাদেশে তাঁর দেশের সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোচনায় অংশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য প্যানেলের উপদেষ্টা ও গ্লোবাল অটিজমের (বাংলাদেশ) চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছে। কর্মদক্ষতাসহ সমাজের সর্বস্তরে নারীদের দৃশ্যমান উন্নয়ন হয়েছে।