মা ও শিশুর জীবন বাঁচায় 'বন্ধু চুলা'
বাংলাদেশে ৯০ ভাগ পরিবার এখনো রান্নার জন্য প্রচলিত চুলা ব্যবহার করে। এই চুলার ধোঁয়ার কারণে শ্বাসজনিত রোগে প্রতিবছর ৫০ হাজার মানুষ মারা যায়। হাঁপানিসহ নানা রোগে কষ্ট পায় ২৫ লাখ মানুষ। এদের সবাই মা ও শিশু, যাদের বেশির ভাগ সময় কাটে রান্নাঘরে। এ ছাড়া রান্নার লাকড়ির জন্য বছরে ১৫০ কোটি মণ লাকড়ি খরচ হয়। এসব সমস্যার সমাধান ‘বন্ধু চুলা’।
আজ বুধবার প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য উঠে আসে। বন্ধু ফাউন্ডেশন, পরিবেশ অধিদপ্তর, জার্মান সংস্থা জিআইজেড ও ইউনিসেফ যৌথভাবে ‘বন্ধু চুলা কেন’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে।
বৈঠকের শুরুতেই জিআইজেডের উপদেষ্টা প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, ‘বন্ধু চুলা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ উদ্ভাবিত এবং জিআইজেড কর্তৃক পরিমার্জিত একটি উন্নত চুলা। এটি ব্যবহার করলে রান্না করতে গিয়ে নারীরা ধোঁয়ায় আক্রান্ত হবেন না। তাঁদের সঙ্গে থাকা শিশুরাও রেহাই পাবেন। জ্বালানি অর্ধেক বেঁচে যাওয়ায় বছরে ৭০ কোটি মণ লাকড়ি বেঁচে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের তিন কোটি পরিবারকে আমরা এই চুলা দিতে চাই।’
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার ও সাংসদ শওকত আলী বলেন, ‘সবাই যেন এই চুলা ব্যবহার করেন, সে জন্য যথাযথ প্রচার চালাতে হবে। আজ হোক, কাল হোক, এই চুলা ব্যবহারের বিকল্প নেই। প্রয়োজনে সাংসদেরাও এ কাজে যুক্ত হতে পারেন।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে অস্বাস্থ্যকর পরিবেশ একেকটি রান্নাঘর। বর্ষাকালে একজন নারী ভেজা কাঠ, চুঙ্গি ফুঁকিয়ে যেভাবে আগুন ধরান এবং ধোঁয়ার যে পরিবেশ সৃষ্টি হয়, সেটি ভয়াবহ। বন্ধু চুলা একটি ভালো উদ্যোগ হলেও কেন মানুষ পুরোপুরি ব্যবহারে আগ্রহী নয়, সেই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপপরিচালক আবি আবদুল্লাহ বলেন, ‘আমরা এ পর্যন্ত ৪২৪টি প্রকল্প নিয়েছি। এর মধ্যে ১৫০টি শেষ হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে সাফল্যের তালিকা করলে প্রথম দিকে থাকবে এই বন্ধু চুলা। এটি স্বাস্থ্যসম্মত। তবে বেশির ভাগ মানুষই এখনো এই চুলা সম্পর্কে জানে না। যথাযথ প্রচার চালিয়ে সবাইকে এ সম্পর্কে জানাতে হবে।’
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সদস্য সুজিত চৌধুরী বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বলে এই প্রকল্পে জার্মানি যুক্ত হয়েছে।
ইউনিসেফের কর্মকর্তা শফিকুল আলম বলেন, ‘ধোঁয়ায় আক্রান্ত যে ৫০ হাজার মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে ৩২ হাজারই শিশু। বাংলাদেশের নারীদের একটা বড় সময়ই কাটে রান্নাঘরে। এ কারণে শিশুদেরও সেখানে থাকতে হয়। এ সমস্যার সমাধান বন্ধু চুলা। সরকার ২০২১ সালের মধ্যে যে তিন কোটি পরিবারে বন্ধু চুলা দিতে চায়, আমরা তাদের সহায়তা করতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীও যথাযথ প্রচারের কথা বলেন। এ ক্ষেত্রে টেলিভিশনসহ গণমাধ্যমে নিয়মিত প্রচার ও গবেষণা করার পরামর্শ দেন তিনি।
বন্ধু চুলার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত ও দূর করার পরামর্শ দিয়েছেন প্রায় সব আলোচক। পিকেএসএফের জলবায়ু প্রকল্পের পরিচালক ফজলে রাব্বী সাদেক আহমেদ বলেন, ‘এই চুলার ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যা হয়। সে ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা বাড়াতে হবে। চুলায় ভিন্নতা আনতে হবে, যাতে মানুষ তার চাহিদামতো নিতে পারে।’
বুয়েটের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, এখনো ৯০ ভাগ মানুষ সনাতনী চুলা ব্যবহার করছে। কাজেই ২০২১ সালের মধ্যে সবার কাছে এই চুলা পৌঁছানোর লক্ষ্যে দরকার দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা ও জাগরণ।

ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান কে এম হোসেন এ কাজে স্থানীয় সরকারকে আরও বেশি করে যুক্ত করার আহ্বান জানান। টাঙ্গাইলের বিটতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘আমার পরিষদের মাধ্যমে লোকজনকে বুঝিয়েছি। এখন আমার ইউনিয়নে পাঁচ হাজার চুলা ব্যবহৃত হচ্ছে।’
বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক সালামত খন্দকার বলেন, ‘বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার একটা বড় কারণ রান্নাঘরের দূষিত বাতাস। একজন মা দিনে তিন থেকে সাত ঘণ্টা রান্নাঘরে থাকেন। শিশুও তাঁর সঙ্গে থাকে। বন্ধু চুলার মাধ্যমে ৫০ ভাগ শিশুমৃত্যু কমিয়ে আনা সম্ভব।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরিচালক মাহফুজা খানম বলেন, সারা দেশে এই চুলা ব্যবহার করলে বন উজাড় রোধ করা সম্ভব। তবে রান্নার সব সরঞ্জাম গুছিয়ে এই চুলায় রান্না করা উচিত। এই চুলা ব্যবহার করে অনেক উদ্যোক্তা লাভবান হচ্ছেন।
বন্ধু ফাউন্ডেশনের ব্যবস্থাপক সুচিত্রা হাজং বলেন, এই চুলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয়। কারণ, এই চুলায় কম সময়ে রান্না হয়। পরিবেশও ভালো থাকে। সংসারের অন্যান্য কাজেও নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়।
এই চুলা ব্যবহারকারীদের একজন মুন্সিগঞ্জের শাহিদা খাতুন বলেন, এই চুলা রান্নাঘর অনেক পরিচ্ছন্ন রাখে। আগে ধোঁয়ায় নষ্ট হয়ে যাওয়ার কারণে তাঁর ঘরের টিনের চালা প্রতিবছর বদলাতে হতো। এখন সেটি হচ্ছে না। তাঁর বাচ্চারাও আর শ্বাসকষ্টে ভুগছে না।
সাভারে বন্ধু চুলার সহযোগী মোহাম্মদ খালেদ বলেন, বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে তাঁরা এই চুলা দিচ্ছেন। এর ফলে লাকড়ির ব্যবহার অর্ধেকে নেমে এসেছে।
অনুষ্ঠানের সঞ্চালক আবদুল কাইয়ুম বলেন, বন্ধু চুলার ব্যাপক প্রচলনে স্থানীয় সরকারকে যুক্ত হতে হবে। ২০২১ সালের মধ্যে সবার ঘরে ঘরে এটি পৌঁছাতে ব্যাপক প্রচার ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। চুলাটি সবার ঘরে পৌঁছে দিতে পারলে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।