দেশের দক্ষিণ অঞ্চলের অন্তঃসত্ত্বা নারীদের রক্তস্বল্পতা ও গর্ভকালীন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ খাবার পানিতে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি। এতে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি অনেক বাড়ছে। খুলনা জেলার দাকোপ উপজেলায় পরিচালিত এক গবেষণায় এটা দেখা গেছে।
দাকোপ দেশের সবচেয়ে দক্ষিণের একটি উপজেলা। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২০২ জন অন্তঃসত্ত্বা নারীর ওপর করা গবেষণার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ইম্পেরিয়াল কলেজের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক হেলথের সহকারী গবেষক আনিরে এহমার খান। আনিরে খান প্রথম আলোকে বলেন, খুলনা জেলার দাকোপসহ দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট আছে। মানুষ সাধারণত যে পানি পান করে, তাতে সহনীয় মাত্রার চেয়ে লবণের পরিমাণ বেশি। বেশি লবণ স্বাস্থ্যের জন্য খারাপ।
আনিরে খান ও তাঁর সহগবেষকদের বৈজ্ঞানিক প্রবন্ধে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত লবণ খাওয়ার সঙ্গে শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ বৃদ্ধির সম্পর্কটি প্রতিষ্ঠিত। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের ওপর অধিক লবণের প্রভাবের বিষয়টি পরিষ্কারভাবে জানার জন্য এই গবেষণা করা হয়। তাঁদের প্রবন্ধটি গত বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যের প্লজ ওয়ান নামের সাময়িকীতে প্রকাশিত হয়। ১৪ নভেম্বর ল্যানসেট সেই প্রবন্ধের তথ্যের ওপর ভিত্তি করে বলেছে, জলবায়ুর প্রভাবের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, খাবারে বা পানিতে লবণ বেশি থাকলে উচ্চ রক্তচাপের যে ঝুঁকি থাকে, তা প্রতিষ্ঠিত। এই গবেষণায় দেখা গেছে, উপকূলের মানুষের জন্য প্রতিষ্ঠিত তথ্য কতটা ভয়াবহ।
গবেষকেরা ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২০২ জন অন্তঃসত্ত্বা নারীর তথ্য সংগ্রহ করেন। এঁদের খাবার পানির উৎস, আর্থসামাজিক অবস্থা, পেশা, জীবনযাপন প্রণালি, খাদ্যাভ্যাস, চিকিৎসার ইতিহাস সংগ্রহ করেন গবেষকেরা। এসব নারী পানি খান এমন উৎসের পানি সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এ ছাড়া এসব নারীর ২৪ ঘণ্টার প্রস্রাবের নমুনা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) পরীক্ষা করা হয়। আনিরে খান বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে ২০২ জনের প্রত্যেকেই রক্তস্বল্পতা ও উচ্চরক্তচাপে ভুগেছেন।’
একই সময়ে খুলনা শহরের উত্তরের একটি জনপদের ১ হাজার ৬ জন অন্তঃসত্ত্বা নারীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। এই জনপদের পানিতে লবণের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার মধ্যে আছে।
এই গবেষণায় যুক্ত ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট সন্তোষ কুমার মজুমদার। গতকাল সোমবার রাতে মুঠোফোনে সন্তোষ মজুমদার প্রথম আলোকে বলেন, অন্তঃসত্ত্বা নারীরা রক্তস্বল্পতা ও উচ্চ রক্তচাপে ভুগলে নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম হতে পারে, সন্তান পরিণত হয় না, অনেক সময় সন্তান আকারে ছোট হয়, এমনকি সন্তান মারাও যেতে পারে।
প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের উপকূলে প্রায় চার কোটি মানুষের বাস। উপকূলের মানুষের খাওয়ার পানির উৎস পুকুর, নদী ও নলকূপ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের লবণাক্ত পানির প্লাবন এলাকা ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় এবং চিংড়ি চাষের কারণে উপকূল এলাকায় পানির উৎস নষ্ট হয়েছে।
আনিরে খান প্রথম আলোকে বলেন, ‘খাবার বা পানিতে সহনীয় মাত্রার চেয়ে লবণ বেশি থাকলে তা নারী–পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর। কিন্তু আমরা গবেষণা করেছি অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে। আরও বড় পরিসরে গবেষণা হওয়া দরকার।’