মা কোন পরিস্থিতিতে সন্তানকে খুন করেন, তাও প্রকাশ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা শিশুর জন্য সবচেয়ে বড় আশ্রয়। সেই মা সন্তানকে হত্যা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বেশির ভাগ গণমাধ্যম ফলাও করে তা প্রচার ও প্রকাশ করছে। এ খবর পড়ে ও দেখে অন্য শিশুরাও নিজের মায়ের প্রতি সন্দিহান হয়ে যাচ্ছে। সরাসরি মায়ের কাছে জানতে চাচ্ছে, মা তাকেও খুন করবে কি না। মা কোন পরিস্থিতিতে, কেন সন্তানকে খুন করছেন তা গণমাধ্যমে আসা প্রয়োজন।

বেসরকারি সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর ইকবাল রোডে পাক্ষিক অনন্যা মিলনায়তনে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকেরা সুপারিশ করেন, বর্তমানে শিশু সহিংসতার ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। তাই গতানুগতিকভাবে সচেতনতা তৈরির পরিবর্তে সুনির্দিষ্ট টার্গেট গোষ্ঠীর জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পরিবার, শিক্ষাক্ষেত্রসহ সবার যা যা দায়িত্ব তা পালন করতে হবে।
সভায় সরকারি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মনোবিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পেশা শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শিশু নির্যাতন ও সহিংসতার অন্যান্য ধরনের চেয়ে মায়ের হাতে শিশু খুনের ঘটনা বেশি প্রাধান্য পায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাসটেইনেবল অ্যান্ড রিনেউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার বলেন, ‘বর্তমানে শিশু সহিংসতা ও নির্যাতনের যে ধরন, তা সবার বিবেককে নাড়া দিয়েছে। শিশুরা বর্তমানে বাজে পরিস্থিতির মধ্যে বড় হচ্ছে। সার্বিকভাবে গাইড করতে না পারলে তাদের রক্ষা করা সম্ভব হবে না। শিশুর সুরক্ষায় আইনের চেয়ে মনমানসিকতা পরিবর্তন বেশি জরুরি।’
বিশেষ অতিথি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য মিয়া ইনামুল হক সিদ্দিকী শিশুদের সুরক্ষায় পরিবারের পরেই শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানের শিক্ষা পদ্ধতির কারণে বাবা মায়েরা সন্তানের পরীক্ষা ও কত নম্বর পেল তা নিয়ে বেশি চিন্তিত থাকেন। শিশুর ব্যবহার, মূল্যবোধ তৈরিসহ অন্যান্য বিষয় গুরুত্ব পাচ্ছে না। একইভাবে শিক্ষকেরা ক্লাসে বয়ঃসন্ধিকাল বিভিন্ন বিষয় পড়ান না। আবার যাঁরা পড়াতে চান তাঁদের বেশির ভাগেরই সে ধরনের দক্ষতা নেই।
ঢাকা শিশু হাসপাতালের জ্যেষ্ঠ মনোবিজ্ঞানী মনোয়ারা পারভীন বলেন, বাবা ও মায়েরাও সন্তানদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেন। বাবা পিএইচডি ডিগ্রিধারী তাই তিনি কিছুতেই মেনে নিতে পারেন না তাঁর সন্তান পরীক্ষায় কম নম্বর পাবে। মায়েরা অনেক সময় সন্তানকে বিশ্বাস করেন না। ফলে অনেক শিশু আত্মহত্যা করে।
সভার সভাপতি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনা গণমাধ্যমগুলো কীভাবে প্রকাশ করবে তা নিয়ে সুপারিশ পাওয়া গেলে তা বিবেচনায় নেওয়া হবে।
সভায় ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা স্বাগত বক্তব্য দেন।