মা খুনের ঘটনায় ছেলেকে থানায় আটকে নির্যাতন?
নরসিংদীতে এক গৃহবধূ খুনের ঘটনায় তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে চার দিন থানায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদলতে মামলা করেছেন ওই কিশোরের বাবা।
জানতে চাইলে ওই স্কুলছাত্রের বাবা ও মামলার বাদী প্রদীপ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে কোনোভাবেই তার নিজের মাকে গলা কেটে হত্যা করতে পারে না। হত্যারহস্যের কোনো কূলকিনারা করতে না পেরে পুলিশ আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়া এলাকায় নিজ বাসায় খুন হন গৃহবধূ দীপ্তি ভৌমিক। ঘটনার সময় নিহত ব্যক্তির ছেলে প্রীতম সাহা (১৪) শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চবিদ্যালয়ে প্রাক্-নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল। সে এ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরীক্ষা শেষে বেলা পৌনে দুইটার দিকে প্রীতম বাড়ি ফিরে মায়ের গলা কাটা লাশ দেখতে পায়। বাসার আসবাব ছিল তছনছ করা।
এ ঘটনায় দীপ্তি ভৌমিকের মেয়ের স্বামী নয়ন কুমার সাহা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করেন। কিন্তু ২৬ দিন পরও পুলিশ এ খুনের ঘটনার কোনো সূত্র উদ্ঘাটন করতে পারেনি। এর মধ্যে গত ৩১ জুলাই রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ মুঠোফোনে প্রীতমকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় ডেকে নেন। সেই ওই হত্যা মামলার ১ নম্বর সাক্ষী। কিন্তু জিজ্ঞাসাবাদের পর প্রীতমকে আর বাড়ি ফেরত পাঠানো হয়নি। আদালতেও তোলা হয়নি।
এ ঘটনায় প্রীতমের বাবা প্রদীপ সাহা গত রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, ওই চার দিন আটকে রেখে প্রীতমকে মারধর করা হয়েছে। তার দুই হাতের কবজি ও বাঁ হাতের আঙুলে ইলেকট্রিক শক দেওয়া হয়। এ ছাড়া মানসিকভাবে নির্যাতন চালানো হয়। প্রীতমকে বলা হয়, স্বীকারোক্তি না দিলে তাঁর বোনের স্বামী নয়ন কুমার সাহাকে ক্রসফায়ারে দেওয়া হবে। এভাবে ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে প্রীতমকে বাধ্য করেছে পুলিশ।প্রীতম থানায় থাকা অবস্থায় নয়ন সাহাকে ডেকে নিয়েও ভয় দেখানো হয়।
নয়ন সাহা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের কোনো প্রমাণ দেখাচ্ছে না। এমনকি ফরেনসিক রিপোর্টও নয়। উল্টো নিহতের সন্তানের ওপর দায় চাপানো হচ্ছে। প্রীতম এমন ছেলেই নয়।’
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে রোববার সন্ধ্যায় এই মামলার শুনানি হয়। বিচারক নির্যাতনে আহত প্রীতম সাহাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, মামলার বাদীপক্ষের নিরাপত্তা বিধান এবং ঘটনা তদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন।
এ বিষয়ে কথা বলার জন্য এসআই মোস্তাক আহমেদের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আদালতে মামলা হয়েছে বলে শুনেছি। তবে মামলা-সম্পর্কিত কোনো কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি।’