মা গেছেন টিভি দেখতে, আগুনে প্রাণ গেল মেয়ের
টেলিভিশন দেখতে পাশের বাড়িতে গিয়েছিলেন মা। যাওয়ার আগে দুই শিশুসন্তানকে ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এমতাবস্থায় আগুন লেগে পুড়ে মারা গেছে এক সন্তান; অগ্নিদগ্ধ অপর সন্তানও। কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
প্রাণহানির শিকার শিশুটির নাম রিতু খাতুন (৭)। সে উপজেলার শোমসপুর ইউনিয়নে চকহরিপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান ও শোমসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদর উদ্দীন খান।
থানার পুলিশ, এলাকাবাসী ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, দিনমজুর খলিলের স্ত্রী সোকেলা খাতুন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পাশের বাড়িতে টিভি দেখতে যান। ঘরে রেখে যান দুই মেয়ে রিতু ও সাইমা খাতুনকে (১০)। খলিলুরও বাড়ির বাইরে ছিলেন। ঘরের ভেতরে সাইমা জেগে থাকলেও রিতু ঘুমিয়ে পড়েছিল। একপর্যায়ে ওই ঘরে আগুন লেগে যায়। শিশু সাইমা অগ্নিদগ্ধ হলেও জানালা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু আটকা পড়ে রিতু। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই পুড়ে অঙ্গার হয় রিতু। সাইমাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইউএনও রেবেকা খান বলেন, তিনি রাতেই ঘটনাস্থলে ও আহত সাইমাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইউএনও আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে তিন হাজার টাকা সহায়তা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান পাঁচ হাজার টাকা দিয়েছেন।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তাঁদের ধারণা। ঘরটির ভেতরে একটি মুঠোফোন চার্জে দেওয়া ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।