মা-চাচি, নানি-দাদির ঈদের বাজার
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। পরিবারের ছোট সদস্যদের মতো বয়স্ক বা মুরব্বিদেরও ঈদে ছাই নতুন শাড়ি, জুতা। বয়স্ক সদস্যরা মার্কেটে কম যান। ছেলে, মেয়ে, ছেলের বউ বা নাতিরাই তাঁদের জন্য কেনাকাটার কাজটি করেন। তবে নিজেদের পছন্দটি তাঁরা জানাতে ভুলেন না। পরিবারের অন্য সদস্যরাও চেষ্টা করেন মুরব্বিদের পছন্দ প্রাধান্য দিয়েই কেনাকাটা করতে।গতকাল শনিবার নগরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের........ বয়স্কদের জন্য শাড়ি খুঁজতে দেখা গেল। বেশির ভাগ ক্রেতাই জানালেন, হালকা রঙের কাপড়ে সরু পাড়, নরম, আকারে কিছুটা ছোট এমন শাড়িই প্রবীণ ব্যক্তিদের পছন্দ। তবে অনেকে আবার ঈদ উপলক্ষে সাদাসিধা সুতির শাড়ির বদলে একটু হালকা কারুকাজ করা সিল্কজাতীয় শাড়ি পছন্দ করেন। সে কারণে ঈদের বাজারে প্রবীণ ব্যক্তিদের পছন্দের শাড়ি কিনতে আসা ক্রেতাদের কিছুটা বেকায়দাই পড়তে হচ্ছে। কারণ ঈদের বাজারে বুটিক বা অন্যান্য বিপণিবিতানে ভারী কাজের জমকালো শাড়ির সম্ভারই বেশি।মিরপুর রোডে এ আর এ সেন্টারে প্রেমজয় নামের শাড়ির দোকানে মায়ের জন্য শাড়ি কিনতে আসা ধানমন্ডির আলেয়া জানালেন, তিনি অফ হোয়াইট রঙের শাড়ি খুঁজছেন। কারণ তাঁর মায়ের এই রংটি পছন্দ। মোহাম্মদপুর কৃষি মার্কেটের চন্দ্রবিন্দু ফ্যাশন হাউসের মালিক শহীদুল ইসলাম জানালেন, রোজার মাঝামাঝি থেকে প্রবীণ ব্যক্তিদের শাড়ি বিক্রি শুরু হয়। তা চলে চাঁদরাত পর্যন্ত। টাঙ্গাইলের সুতি, ইন্ডিয়ান কোটা, চিননসিল্ক, হাফসিল্ক, সুতির জামদানি শাড়িগুলো প্রবীণ ব্যক্তিদের জন্য বেশি কিনছেন ক্রেতারা। দিনে গড়ে ২০ থেকে ২৫টি এ ধরনের শাড়ি বিক্রির কথা জানান তিনি।বয়স হয়েছে বলেই একেবারে সাদাসিধা শাড়ি পরতে হবে এটা মানেন না রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নুসরাত রহমান। তিনি বললেন, ‘নিজের গায়ের রঙের কথা চিন্তা করে টিয়া, হাওয়াইমিঠাই বা কড়া কমলা রঙের শাড়ি পরতে ভয় লাগে। এ ছাড়া অন্য রং নিয়ে তেমন একটা বাছবিচার করি না।’ সবসময় ঢাকার আড়ং থেকে শাড়ি কেনেন। দুই ছেলের বউ আড়ং থেকেই ঈদের শাড়ি কিনে দিয়েছেন।আর সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক (মার্কেটিং) ফাতেমা আক্তার বলেন, শাশুড়ির জন্য ঈদে বেইলি রোড থেকে টাঙ্গাইল শাড়ির মধ্যে সুতার কাজ করা শাড়ি কিনেছেন। সঙ্গে বাটার জুতা। তবে দাদিশাশুড়ির লাল রং পছন্দ। শাড়ির কোনায় একটু লাল রং থাকলেও তিনি খুশি হন। তাই দাদিশাশুড়ির জন্য অফ হোয়াইটের ভেতর লাল পাড় ও লাল সুতার কাজ করা একটি শাড়ি কিনেছেন। বয়সের জন্য হয়তো এ শাড়ি তিনি ভালোভাবে পরতেই পারবেন না, তার পরও ঈদের দিন নিশ্চয়ই তাঁর মনটি অনেক ভালো থাকবে।সুফিয়া বেগমের আট ছেলেমেয়ে। সুফিয়া বেগম চওড়া পাড়ের শাড়ি দেখলে বিরক্ত হন। তাই তাঁর ছেলেমেয়েরা বেছে বেছে সরু পাড়ের শাড়ি কেনেন। সুফিয়া বেগমের মেয়ে মিরপুরের বাসিন্দা মাহবুবা রহমান মিরপুরের পল্লীর চেক থেকে অফ হোয়াইটের মধ্যে বেগুনি সুতার হালকা কাজ করা একটি শাড়ি কিনলেন এক হাজার ২৮০ টাকা দিয়ে। এ সময় মাহবুবা রহমানের সঙ্গে থাকা সুফিয়া বেগমের মেজো ছেলের বউ পারভীন জানালেন, তাঁর শাশুড়ি গ্রামে থাকেন। শাশুড়িকে সব সময় শাড়ি দেন। কিন্তু এবার শাশুড়ির শাড়ির বদলে দিয়াশলাই ছাড়াই যেসব গ্যাসের চুলা জ্বলে তেমন একটি চুলা কিনে দেবেন।অন্য সময় না হলেও ঈদে চাচি, ফুফু, ফুফুশাশুড়িসহ অন্যদের জন্যও অনেকে উপহার কেনেন। ফার্মগেটের বাসিন্দা নাজলী গতকাল মিরপুরের বেনারসিপল্লি থেকে ৫০ বছর বয়সী ফুফুর জন্য কমলা রঙের এবং অন্যদের জন্য হালকা গোলাপি, সাদার ওপর সোনালি কাজ, অফ হোয়াইটের শাড়ি কেনেন। এ ছাড়া রাইফেলস স্কয়ারের সাদাকালো, সানরাইজ প্লাজার বি-প্লাস শাড়ি, প্রবর্তনার তাঁতের শাড়ি, প্রাইড বা পারফেক্ট শাড়ি খুঁজতে দেখা গেল ক্রেতাদের।