মা ছাড়া কেমন আছে চর্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোফাতেই ঘুমিয়ে পড়েছে চর্যা। সঙ্গী বিড়াল। ছবি: সংগৃহীত
সোফাতেই ঘুমিয়ে পড়েছে চর্যা। সঙ্গী বিড়াল। ছবি: সংগৃহীত

ড্রেন থেকে কুড়িয়ে পাওয়ার পর ভাবা হয়েছিল, ও বোধ হয় মেয়ে। তবে অসুস্থ হলে পশুচিকিৎসকের কাছে নেওয়ার পর তিনি জানালেন, ও তো ছেলে! তত দিনে ওর নাম ‘ইন্দিরা’ রাখা হয়ে গেছে। এই ইন্দিরা হলো বিড়াল।
চর্যার বয়স যখন মাত্র সাত বছর, তখন তার মা আছিয়া বেগম স্তন ক্যানসারে মারা যান। সে সময় অনেক দিন বাসায় চর্যা একা, আর চর্যার সঙ্গী ছিল এই ইন্দিরা।
ইন্দিরার বউ কানি। একটি চোখ নষ্ট। এদেরই বাচ্চা ঘণ্টি আর মন্টি। চর্যার নিত্যসঙ্গী ওরা। ওদের পায়ে মেহেদি লাগানো, আদর করে ঘুম পাড়িয়ে দেওয়া, গল্প শোনানো, খাওয়ানো—সব কাজ করে চর্যা। চর্যা বিকেলে যখন হাউজিংয়ের মক্তবে যায়, তখন ঘণ্টি-মন্টিও নাচতে নাচতে পিছু নেয়। আবার নাচতে নাচতে চর্যাকে সঙ্গে নিয়ে ফিরে আসে। তবে চর্যা যখন ভ্যানে করে স্কুলে যায়, তখন আর তার সঙ্গে যাওয়ার বায়না করে না। দোতলা থেকেই বিদায় জানায় চর্যাকে।

মা নেই। তাঁর ছবির পাশে চর্যা। ছবি: সংগৃহীত
মা নেই। তাঁর ছবির পাশে চর্যা। ছবি: সংগৃহীত

এভাবেই চলছে চর্যা, ঘণ্টি আর মন্টির সংসার। চর্যার মা মারা যাওয়ার পর থেকে এভাবেই চলছে ওদের সংসার। এখন ইন্দিরা রুটিন করে ঘরে ফেরে। খাওয়াদাওয়া করে বাইরে চলে যায়। কানি সব সময় বাইরে থেকেই বড় হয়েছে। বেশি খিদে পেলে সে-ও আসে খাবারের জন্য। তবে মন্টি ও ঘণ্টিকে জন্ম দেওয়ার জন্য চর্যার বাসাটিকেই বেছে নিয়েছিল কানি।
চর্যা প্রথম আলোর জ্যেষ্ঠ আর্টিস্ট মাসুক হেলাল ও আছিয়া বেগমের মেয়ে। আজ সোমবার সারা দেশে পালিত হয়েছে স্তন ক্যানসার সচেতনতা দিবস। চর্যার মা স্তন ক্যানসারে মারা গেছেন ২০১২ সালে। বাবা-মেয়ে ও চর্যার ইন্দিরা, ঘণ্টি, মন্টিরা কেমন আছে, তা জানতে রাজধানীর মিরপুরে তাঁদের বাসায় যাওয়া।
বাসার বিভিন্ন কক্ষে চর্যা ও তার মায়ের ছবি। মায়ের ওড়না মাথায় দিয়েই চর্যা মক্তবে যায়। মন খারাপ হলে ঘণ্টি, মন্টিকে মনের কথা বলে। একইভাবে আনন্দের ভাগীদারও ওরা। বাবাকে তো কাজে ব্যস্ত থাকতে হয়। দিনের বড় একটি অংশ কাটে ঘণ্টি ও মন্টির সঙ্গেই।

যখন মা ছিলেন। মায়ের কোলে আদুরে চর্যা। ছবি: সংগৃহীত
যখন মা ছিলেন। মায়ের কোলে আদুরে চর্যা। ছবি: সংগৃহীত

চর্যা পড়ছে মণিপুর উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। চর্যার মা আছিয়া বেগম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তাঁর কাজ ছিল বেশির ভাগ সময় গ্রামে থাকা। চর্যা তখন ছোট। মা আছিয়া ভাবতেন, মেয়েকে বুকের দুধ খাওয়াতে পারেননি, তাই স্তনে হয়তো দুধ জমে আছে। কাজের চাপে বিষয়টি নিয়ে ততটা চিন্তা করার ফুরসত পাননি। এভাবেই চলতে থাকে। ২০০৮ সালে যখন বুঝতে পারেন স্তনের সমস্যাটা বেশ জটিল, তত দিনে তা অনেক দূর গড়িয়ে গেছে। চিকিৎসকদের মতে, তা ছিল ‘থার্ড স্টেজ’। চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, গ্রামীণ ব্যাংক এবং পরিবারের সার্বিক সহায়তায় বিদেশে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু হাতে তো সময় বেশি ছিল না।
মায়ের অসুস্থতার জন্য চর্যার পড়াশোনাসহ অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে। আর মা মারা যাওয়ার পর থেকে চর্যা যেন ‘দ্রুত বড়’ হয়ে যায়। মাত্র ১০ বছর বয়সেই গৃহকর্মীকে সঙ্গে নিয়ে বাসার কাছের দোকান থেকে পুরো মাসের বাজার করা, বাবা বাড়িতে না থাকলে ড্রয়ার থেকে বাড়িভাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের পাওনা মেটানো, ঘরে বাবা ও নিজের জিনিস গুছিয়ে রাখার কাজগুলো করে নিপুণ হাতে। বিকেলে খেলতে গেলে ঘরে তালা লাগানো, আবার তালা খুলে ঘরে ঢোকা, বাবা রাতে বাড়ি ফিরবে, তাঁর জন্য অপেক্ষা করা—সবই করে।
মাসুক হেলাল বলেন, ‘ওর নানাবাড়ি থেকে ফেরার পর বেশ কয়েক দিন মেয়েটার খুব মন খারাপ থাকে। ওখানেই ওর মায়ের কবর। মেয়েটা আমার সঙ্গেই ঘুমায়। গত পরশু রাতে দেখি, আমার পায়ের কাছে বসে ডুকরে কাঁদছে। জড়িয়ে ধরলে বলে, আমি আম্মুর কাছে যাব। ওর মা বেঁচে থাকলে যে বিষয়গুলো নিয়ে আমাকে ভাবতে হতো না, তা-ও ভাবতে হচ্ছে। আমি বাবা, আমিই মা। কিন্তু একজন বাবা তো আর মা হতে পারে না। সন্ধ্যা নামলেই মেয়েটার জন্য চিন্তা বাড়তে থাকে। মেয়েটা প্রতিটা দিন একটু একটু করে মায়ের অভাব উপলব্ধি করছে।’

কেউ নেই। ওরাই খেলার সঙ্গী চর্যার। ছবি: সংগৃহীত
কেউ নেই। ওরাই খেলার সঙ্গী চর্যার। ছবি: সংগৃহীত

বাবা-মেয়ের সংসারে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাসার যে গৃহকর্মী দুই বেলা আসেন, তিনিও চর্যাকে আদরে আগলে রেখেছেন। হাউজিংয়ের অনেক আন্টি ভাত খাইয়ে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু করে দেন। কিন্তু সবাই তো এক রকম নন। অনেকেই চর্যাকে বলে, তোমার বাবা বিয়ে করছে না কেন? বন্ধুরা খেলার সময় রেগে গেলে চর্যাকে বলে, সেই জন্যই তো তোমার মা মরে গেছে। স্কুলে অন্য মায়েরা কত কিছু টিফিন বানিয়ে দেন, তা দেখেও মন খারাপ হয় চর্যার। প্রায় দিনই সকালের নাশতা করা হয় না বাবা-মেয়ের। কিন্তু চর্যা হাসিমুখেই বলল, ‘আমার বাবা আমার টিফিন বানিয়ে দেন।’
মাসুক হেলাল ও আছিয়া বেগমের বিয়ে হয় ২০০০ সালে। মাত্র সাত বছর বয়সে মাকে হারিয়ে ফেললেও চর্যা এখন পর্যন্ত বলে, ‘আম্মু বেশি আদর করত।’
চর্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কথাসাহিত্যিক আনিসুল হক লিখেছেন, ‘মা, তোমাকে আমি একটা গিফট দিতে চাই, এখুনি, তুমি একটা গিফট চাও, তুমি যা চাইবে, আমি তাই তোমাকে দেব। বলো, কী চাও।’ চর্যা বলে, ‘আমার মাকে এনে দাও। আমি বলি, মাগো, আমার তো সেই ক্ষমতা নাই, আল্লাহ যাকে নিয়ে গেছেন, মানুষ তো মা তাকে ফিরিয়ে আনতে পারে না। মা রে এইটা যে আমি পারব না। তুমি অন্য কিছু চাও মা...’
মাসুক হেলালের আঁকা ও লেখা নিয়ে চলতি বছরে প্রকাশিত হয়েছে ‘মুখ ও মুখোশ’ বইটি। বইটি প্রকাশের আগেই তাঁর বাবা, মা এবং স্ত্রী মারা গেছেন। বইটির উৎসর্গে মাসুক হেলাল লিখেছেন, ‘আমার দশ বছরের মেয়ে চর্যা সারা দিন একা বাসায়। রাতে বাসায় ফিরে দেখি তার মায়ের জন্য কাঁদতে কাঁদতে সোফায় ঘুমিয়ে আছে। তোমরা থাকলে আমার আর চর্যার জীবনটা এ রকম হতো না।’