মা ছেলে দুজনেই জেলা সেরা

পুরস্কার হাতে মা মিতা রানী দাস (৩০) ও ছেলে তারাভ্র দাম (৭) মহা খুশি। খুশির অবশ্য কারণও রয়েছে। নাটোরে জেলা পর্যায়ে উন্মুক্ত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন মা-ছেলে একসঙ্গে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহান বিজয় দিবস ২০১৯ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জেলা ব্যাপী। মোট সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
মিতা রানী দাস গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। ছেলে তারাভদ্রে স্থানীয় ড. জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মা-ছেলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে তারাভদ্রে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-বিভাগে জেলা সেরা হয়। মা মিতা রানী দাস রচনা প্রতিযোগিতায় ঘ-বিভাগ (সর্বসাধারণ) তৃতীয় স্থান অর্জন করেন।
বুধবার দুপুরে নাটোর জেলা প্রশাসন ও নাটোর সরকারি গ্রন্থাগারের আয়োজনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থাগার দিবসে নাটোর জেলা সরকারি গ্রন্থাগার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রভাষক মিতা রানী দাস বলেন, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। সন্তানের সঙ্গে একত্রে পুরস্কার পাওয়ার অনুভূতি সত্যিই অন্য রকম। এ রকম দিন জীবনে বারবার আসে না। এদিনটি আমাদের পরিবারের জন্য একটি স্মরণীয় দিন।
মোট সাত ক্যাটাগরিতে সেরা ওই পুরস্কার দেওয়া হয়। প্রথম ক্যাটাগরি রচনা প্রতিযোগিতা ‘ক’ বিভাগ ৫ম থেকে ৮ম শ্রেণি। ‘খ’ বিভাগ ৯ম থেকে দ্বাদশ, ‘গ’ বিভাগে স্নাতক থেকে স্নাতকোত্তর এবং ‘ঘ’ সর্বসাধারণ একইভাবে শিশু শ্রেণি থেকে পর্যায়ক্রমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।
পুরস্কার প্রদানের জন্য জাতীয় গ্রন্থাগার দিবসকে বেছে নেওয়া হয়। এ ব্যাপারে নাটোর সরকারি গ্রন্থাগার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো.শাহরিয়াজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল ইসলাম।