মা-ছেলেকে বেঁধে ঘরে আগুন
মা ও ছেলের হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে বাইরে থেকে আগুন দেয় দুর্বৃত্তরা। চিৎকার শুনে গ্রামের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। শরীয়তপুরের ডামুড্ড্যা উপজেলার দশমনতারা গ্রামের কৃষিশ্রমিক ছাত্তার বেপারির বাড়িতে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী করিম মৃধা দীর্ঘদিন ধরে ছাত্তারের বসতভিটা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস হয়েছে। গত রোববার ছাত্তারের কিছু গাছ কেটে নিয়ে যান করিম। এ সময় বাধা দিলে করিম ও তাঁর লোকজন ছাত্তারকে পিটিয়ে আহত করেন। ওই দিনই তাঁকে ডামুড্ড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে করিম তাঁর লোকজন নিয়ে ছাত্তারের ঘরে ঢোকেন। পরে আলেয়া বেগম (৩৫) ও মুন্নার (১২) হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে বাহির থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় আলেয়া আহত হন। রাতেই তাঁকে ডামুড্ড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আলেয়ার আত্মীয়রা ডামুড্ড্যা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন আলেয়া বেগম বলেন, ‘প্রতিবেশী করিম মৃধা অনেক দিন থেকেই আমাদের বসতভিটা দখলের চেষ্টা করে আসছেন।’ দশমনতারা গ্রামের সাফিয়া বেগম, লতিফ হাওলদার ও রশিদ হাওলাদার জানান, ছাত্তার বেপারির ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, টিনের ঘরের বারান্দায় আগুন জ্বলছে। পরে ঘরের ভেতর থেকে মা-ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে করিম আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘ঘরে কে আগুন দিয়েছে আমি জানি না। গ্রামবাসীর সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছি।’ করিম মৃধার স্ত্রী ফুলমতি বেগম বলেন, ‘জায়গা-জমি নিয়ে ছাত্তার বেপারির সঙ্গে আমাদের ঝগড়া রয়েছে। কিন্তু তাঁদের ঘরে কে আগুন ধরিয়ে দিয়েছে, আমরা জানি না।’ আপনার স্বামী কোথায়, এ প্রশ্নের জবাবে গত মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘একটা কাজে দু-তিন দিন ধরে তিনি বাইরে আছেন।’ ডামুড্ড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ভূঁইয়া জানান, কোনো প্রত্যক্ষ সাক্ষী না পাওয়ায় থানায় মামলা নেওয়া হয়নি।