মা-ছেলের চোখের পানি ঝরছে আনন্দাশ্রু হয়ে
কোথাও অপরিচিত কোনো ছেলের খোঁজ পেলেই ছুটে গেছেন মা। কিন্তু চোখের পানি আর তাঁর ফুরায় না। হারানো ছেলের দেখা পান না তিনি। অপর দিকে ছেলেও মায়ের জন্য কেঁদেছে বছরের পর বছর। সেই চোখের জলের পথ ধরেই ১৭ বছর পর ঢাকা শহরের যে এলাকায় ছেলেকে হারিয়েছিলেন, আবার সেখানেই তাকে খুঁজে পেলেন মনোয়ারা বেগম (৪৪) নামের এক মা। মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার বড়বাড়িতে বসে ১১ জুলাই মা ও ছেলে তাঁদের সেই বিচ্ছিন্নতা ও মিলনের কথা যখন বলছিলেন, তখনো দুজনের চোখে ছিল পানি। তবে এবার তা আনন্দের আর প্রাপ্তির।মনোয়ারা বেগম (৪৪) বলেন, ‘ছেলেটার বয়স তখন সাড়ে ছয়। মিছিল দেখলেই পিছেদি যাইতোগি। একদিন যে গেল, আর ফিরল না। সেদিন খালেদা জিয়া পদত্যাগ করেছিল (১৯৯৬)।’ এভাবেই ছেলে সোহেলকে হারানোর স্মৃতি জমে ছিল তাঁর কাছে। মনোয়ারা বেগম জানান, ওই সময় স্বামী দুলাল মিয়ার সঙ্গে ঢাকার খিলগাঁওয়ের সিপাইবাগ এলাকার মদন গলিতে থাকতেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০০১ সালে মৌলভীবাজারে চলে আসেন। অপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওঠেন আত্মীয়দের কাছে, সোনাপুর এলাকার বড়বাড়িতে। এর মধ্যে হারানো সন্তানটির খোঁজে অনেকবার ঢাকায় গেছেন। কিন্তু ছেলেকে আর পাননি।মদন গলিতে থাকার সময়টাতে সেখানে আরেক সোহেলের মায়ের সঙ্গে পরিচয় ছিলো মনোয়ারার। যে বাসা থেকে তাঁর সোহেল হারিয়েছিল, সেখানে এখন ওই পরিবারটি থাকে। মনোয়ারার পরিচিত এই নারীর ছেলে সোহেলও গাড়িচালক। এই মা জানতেন মনোয়ারার ছেলে হারানোর কথা। হারিয়ে যাওয়ার আগে শিশু সোহেলকে তিনি দেখেছেনও। ৫ জুলাই গাড়িচালক সোহেলের মা তাঁকে খবর পাঠান, তাঁর বাসায় একটি ছেলে এসেছে। তিনি (মনোয়ারা) যেন গিয়ে দেখেন। পরদিনই মনোয়ারা বেগম ঢাকায় ছুটে যান। ওই বাসায় পৌঁছেই নিজের সোহেলকে চিনতে পারেন। মনোয়ারা বেগম আরও জানান, যে বাসা থেকে তাঁর ছেলেটা হারিয়েছিল, কাকতালীয়ভাবে সেখানেই আবার ফিরে পেলেন বুকের ধনকে।মনোয়ারা বেগম জানান, ছেলেকে দেখে তাঁর চিনতে এক মুহূর্ত দেরি হয়নি। ছেলেকে খুঁজে জীবনের সব চাওয়া পূর্ণ হয়েছে তাঁর।মা থামলে সোহেল (২৪) বলেন, ‘কীভাবে হারাইছি মনে নাই। আমারে রাস্তায় কানতে দেইখা এক বুড়ি নিয়া যায়। তাঁর কাছে থাকার তিন-চার বছর পর গার্মেন্টসে মাল আনা-নেওয়ার কাজ শুরু করি। এরপর লেগুনার হেলপার হইছি। হেলপারি করতে গিয়াই ড্রাইভার সোহেলের লগে পরিচয়।’ সোহেল আরও বলেন, ‘মায়ের কথা মনে হইলেই কানতাম। মারে দেইখাই মনে টান ট্যার পাই।’সোহেল আরও জানান, তিনি প্রায়ই খিলগাঁও এলাকায় ঘোরাফেরা করতেন। ওইখানে তাঁর বন্ধুবান্ধব ছিল। তিনি বলেন, ‘এই এলাকার সবাই জানত আমার কেউ নাই। তারা আমারে আদর করত।’সোহেল জানিয়েছেন, মা ও ভাইবোনদের সঙ্গে খুব ভালো সময় কাটছে তাঁর। আনন্দাশ্রু নিয়ে তিনি বলেন, ‘মারে পাইছি, বাকি জীবনটা আর মায়েরে হারাইতে চাই না।’