মা-ছেলের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় মোসলেমা আক্তার (২৮) ও মো. আরেফিন (১) নামের মা-ছেলের ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মোসলেমা দক্ষিণ মীর্জানগর এলাকার প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী। যৌতুকের কারণে মোসলেমাকে হত্যা করা হয়ে থাকতে পারে অভিযোগ করেছেন তাঁর দুই ভাই।
নিহত মোসলেমার পরিবার ও রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০১২ সালে উত্তর আদিয়াবাদ এলাকার করম আলী ভূঁইয়ার মেয়ে মোসলেমা আক্তারের সঙ্গে দক্ষিণ মীর্জানগর এলাকার আবদু মিয়ার ছেলে কামরুজ্জামানের বিয়ে হয়। বিয়ের সময় একটি খাট ও একটি শোকেস যৌতুক হিসেবে দাবি করে কামরুজ্জামানের পরিবার। মোসলেমার পরিবার খাট দিলেও শোকেস দেয়নি। এ কারণে মোসলেমার শাশুড়ি ও ননদ তাঁকে প্রায়ই মারধর করতেন। শুক্রবার (শুক্রবার) থেকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
মোসলেমার ভাই রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম বলেন, ‘বিয়ের পর থেকে কামরুজ্জামান তাঁর মা-বাবাকে টাকা পয়সা কম দিতেন। এতে তাঁরা আমার বোনের প্রতি হিংসাপরায়ণ হয়ে ওঠেন। কামরুজ্জামানের পরিবারের সদস্যরা মোসলেমাকে হত্যা করে রেলের নিচে ফেলে যেতে পারে বলে ধারণা করছি।’
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির এসআই ইমাম আরেফিন বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের লোকজন চাইলে হত্যা মামলা দায়ের করতে পারবেন।