মা-ছেলের পর প্রাণ গেল মা-অনাগত সন্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সের চাপায় তিনজন নিহত হয়। এতে নিহত ব্যক্তির এক স্বজনের আহাজারি। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল থেকে তোলা। ছবি: প্রথম আলো
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে অ্যাম্বুলেন্সের চাপায় তিনজন নিহত হয়। এতে নিহত ব্যক্তির এক স্বজনের আহাজারি। ছবিটি আজ দুপুরে ঢাকা মেডিকেল থেকে তোলা। ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের গেটে অ্যাম্বুলেন্সের চাপায় গর্ভের সন্তান মারা যাওয়ার পর এবার চলে গেলেন মা আমেনা বেগমও। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

আইসিইউর চিকিৎসক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান। আমেনার আরেক সন্তান সজীবও (৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

এর আগে আজ শনিবার সকাল নয়টার দিকে ঘটা এই দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। তাঁরা হলেন গোলিনুর বেগম (২৫) ও তাঁর ছেলে সাকিব (৭); নিহত আরেক ব্যক্তির পরিচয় জানা যায়নি, তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক সোহেলকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

দুর্ঘটনাস্থলেই মারা যান সাকিব ও অজ্ঞাত এক ব্যক্তি। এরপর বেলা তিনটায় সাকিবের মা গোলিনুর বেগমও মারা যান। আহত আমেনা বেগমের গর্ভের সন্তানটি মারা গেলেও তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

আমেনার স্বামী জাকির হোসেন একজন ট্রাকচালক। গত ২৫ আগস্ট চট্টগ্রামে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর তিনি এখন দিশেহারা। জাকির হোসেন বলেন, তাঁর স্ত্রী আমেনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে স্ত্রীই তাঁকে দেখাশোনা করছিলেন। ছেলে ছোট হওয়ায় সে–ও হাসপাতালে মা–বাবার সঙ্গে থাকত। আজ সকালে আমেনা ছেলে সজীবকে নিয়ে তাঁর জন্য নাশতা কিনে আনতে হাসপাতালের প্রবেশপথে গিয়েছিলেন। সে সময় তাঁরা অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় অন্তঃসত্ত্বা আমেনা বেগমকে প্রথমে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন: