মা-ছেলেসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চট্টগ্রামে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, বগুড়ার শেরপুর ও সাতক্ষীরার কলারোয়ায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার হজরত বায়েজিদ বোস্তামীর মাজারের কাছে গতকাল শনিবার সকালে ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী নূরজাহান বেগম (৬০) ও তাঁর ছেলে বেলাল উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় বেলালের সন্তান মো. তানবীর (৮) এবং বেলাল উদ্দিনের বড় ভাইয়ের মেয়ে ঝর্না (১০)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্শীতে গত শুক্রবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলের চাপায় পথচারী আমেনা বেগম (৫৫) আহত হন। ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জের চরশিহারি গ্রামে। শেরপুর (বগুড়া): গত শুক্রবার বেলা সোয়া তিনটায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ভটভটির ধাক্কায় মুক্তার হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হন। উপজেলার মহিপুর বাজার এলাকায় গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসের চাপায় রেবা রানী মহন্ত (৪৬) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। সাতক্ষীরা: কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) গত শুক্রবার সকাল নয়টার দিকে বাসে করে সাতক্ষীরায় যাচ্ছিলেন। বাসটি উপজেলার মুরারীকাটি এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকে থাকা একটি বাঁশ সুফিয়ার শরীরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।