মা-ছেলেসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় গত বৃহস্পতিবার মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। মাদারীপুরের কালকিনি ও সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের সদর উপজেলার মথুরাপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি ট্রাক্টর একটি রিকশার ওপর ওঠে যায়। এতে রিকশারোহী মাসুদা বেগম (২২) ও তাঁর ছয় মাসের ছেলে মারা যায়। মাসুদা বেগম ওই রিকশার চালক সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের রিকশাচালক ভুট্টোর স্ত্রী। এ ঘটনায় নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। ভুট্টো শ্বশুরবাড়ি একই উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রাম থেকে স্ত্রীকে নিয়ে রিকশায় করে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাক্টরের চালকদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে। কালকিনি (মাদারীপুর): ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকায় গতকাল শুক্রবার কাঠবোঝাই একটি ট্রাক সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকার সেতুর কাছে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাসকে রডবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাসযাত্রী মিলন মিয়া (৮) নিহত হয়। সে বগুড়া সদর উপজেলার নাড়ুলী এলাকার লাবু মিয়ার ছেলে। এতে আরও চারজন আহত হয়েছে। পুলিশ ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে।