মা-ছেলেসহ তিনজন নিহত, বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার শহর বাইপাস সড়কে গতকাল বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এলে জনগণ তাঁদের ধাওয়া করে। এলাকাবাসী ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বোরাশী গ্রামের বিনতা মজুমদার (৫৫), তাঁর ছেলে বলাই মজুমদার (৩০) ও ভ্যানচালক আমীর আলী (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরতলির বোরাশী গ্রাম থেকে বর্গাজমির ধান আনার জন্য ভ্যান ভাড়া করে বিনতা মজুমদার ছেলে বলাই মজুমদারকে নিয়ে চেচানিয়াকান্দি গ্রামে যাচ্ছিলেন। মান্দারতলায় পৌঁছালে পেছন থেকে নাজিরপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তাঁদের বহনকারী ভ্যানটি চাপা দিলে সেটি গাড়ির ইঞ্জিনগার্ডের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় বাসটি চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর বাসের চাকায় চাপা পড়ে মারা যান বলাই মজুমদার। মহাসড়কের ৪০ নম্বর সেতুর কাছে একই পরিণতি হয় মা বিনতা মজুমদারের। প্রায় তিন কিলোমিটার দূরে বাসের সঙ্গে ঝুলে থাকা ভ্যানচালক আমীর আলী মারা যান। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। চালককে আটকে মারধর করে মহাসড়কের পাশে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভাতে এলে জনগণ তাঁদের ধাওয়া করে। পরে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়। এ সময় বাসের যাত্রীরা ভয়ে আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পুলিশ লাইন মোড় থেকে মান্দারতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ধরে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। মহাসড়কে তারা একাধিক ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে যান চলাচল বন্ধ ছিল। আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লা তেঘরিয়ায় গতকাল বুধবার সকালে দ্রুতগামী একটি ট্রাক উল্টে শ্রমিক উম্মাদ আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কয়েকজন ধানকাটা শ্রমিক নাটোর থেকে ট্রাকে চড়ে কুষ্টিয়ার খোকসায় নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে মোল্লা তেঘরিয়ায় সকাল ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা উম্মাদ আলীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে সাতটার দিকে উম্মাদ আলী মারা যান।শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া সূয্যনগর বাসস্ট্যান্ডে গতকাল দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কবিতা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কবিতা উপজেলার চরদত্তপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে।