মা-ছেলেসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ছেলের জন্য পাত্রী দেখতে যান মা। সঙ্গে ছিলেন ছোট ছেলেসহ আরও কয়েকজন। অটোরিকশায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান মা-সন্তানসহ তিনজন। আহত হন আরও দুজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার পুষাইনগর গ্রামের মালা বেগম (৫৫), মালার ছেলে মুক্তার মিয়া (১২) ও অটোরিকশার চালক কুলাউড়া পৌর শহরের সোনাপুর এলাকার জসিম মিয়া (২২)। মুক্তার স্থানীয় মাহতাব-ছায়েরা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ছেলে রাজন মিয়ার জন্য পাত্রী দেখতে মালা, মুক্তার, মালার আরেক ছেলে সজল মিয়া (১৭) ও প্রতিবেশী রেলি বেগম (১৮) গতকাল দুপুরের দিকে জুড়ী উপজেলার নয়াবাজার এলাকায় যান। ফেরার পথে সন্ধ্যা সাতটার দিকে মানিকসিংহ বাজার এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে অটোরিকশার ভেতর থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে জুড়ী থানার পুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহত সজল ও রেলিকে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটে স্থানান্তর করা হয়। এদিকে দুর্ঘটনার পর কুলাউড়া-জুড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উদ্ধারকাজ শেষ হলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা নিহত মালার ছেলে রাজন (২৭) হাউমাউ করে কেঁদে বলেন, ‘মা নাই, ভাইটাও নাই। আমার সব শেষ অই গেল।’