মা জানেন না মেয়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো স্কুল শেষে জারিফা আক্তারকে (১১) নিয়ে লেগুনা চেপে বাড়ি ফিরছেন মা কোহিনুর আক্তার। কিন্তু পথেই ঝরে যায় প্রিয়জনের জীবন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে তিনি। তবে এখনো জানেন না তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার এলাকায় দুটি লেগুনা ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে এ মা-মেয়েসহ সাতজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক জারিফাকে মৃত ঘোষণা করেন।

জারিফা কুমিরা ইউনিয়নের রোজগার্টেন একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে ওই ইউনিয়নের মাঝামাঝিপাড়ার ভুলাই বাড়ির জসিম উদ্দিনের মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়কুমিরা বাজার থেকে পুরাতন ডিডি রোড দিয়ে লেগুনাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করে। এ সময় মহাসড়কের বাইপাস দিয়ে দ্রুতগতিতে আসা ঢাকামুখী একটি মিনিট্রাক লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দাঁড়িয়ে থাকা অপর একটি লেগুনাকে ধাক্কা দেয়।

জারিফার মামা কুমিরা ইউপি সদস্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বোন এখনো জানে না মেয়ে জারিফা মারা গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, লেগুনা দুটি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।