মা দিবসে চট্টগ্রামে পাঁচ নারীকে সম্মাননা
বিশ্ব মা দিবসে চট্টগ্রামের পাঁচ মহীয়সী নারীকে সম্মাননা জানিয়েছে ছোটদের সাংস্কৃতিক সংগঠন শিশুমেলা। গতকাল রোববার সন্ধ্যায় নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত পাঁচ নারী হচ্ছেন শহীদজায়া বেগম মুশতারী শফী (মুক্তিযুদ্ধ), লেখিকা রমা চৌধুরী (মুক্তিযুদ্ধ), মনি ইমাম (সংস্কৃতি), লেখিকা ফেরদৌস আরা আলীম (সাহিত্য) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
মাতৃ সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে অনুপম সেন বলেন, মা শব্দের মধ্যে যশহীন ভালোবাসা, ত্যাগ ও মমত্ববোধ রয়েছে। এর তুলনা নেই। মায়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না। মাকে যথাযথ সম্মান দেওয়া সবার কর্তব্য।
মাকে কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতিটি মানুষের কাছে মা অমূল্য সম্পদ। কিন্তু আমরা সেটা সবাই বুঝতে পারি না। মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের শেষ নেই।’
মাতৃ সম্মাননা প্রদান কমিটির চেয়ারম্যান কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক রীতা দত্ত। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব রুবেল দাশ। আরও বক্তব্য দেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ, কমিটির আহ্বায়ক রত্নাকর দাশ ও সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক।