মা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ তরুণদের

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণদের একটি দল রাজধানীর সাততলার বস্তির মায়েদের খবর নিয়েছেন। তাঁরা কেমন আছেন শুধু তা-ই জানা নয়, ওই মায়েদের জরায়ুমুখের ক্যানসার এবং স্তন ক্যানসার আছে কি না, তা শনাক্ত করারও পাকা বন্দোবস্ত করেছেন। বস্তির কাছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের মিলনায়তনে বসেছিল ওই মায়েদের জন্য স্বাস্থ্য ক্যাম্প, বিনা মূল্যে ওষুধ বিতরণ এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা।
প্রায় ৬০ জন তরুণ মিলে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন, সংক্ষেপে ক্যাপ। এই তরুণেরা মাসিক ৫০ টাকা চাঁদা দিয়ে টিকিয়ে রেখেছেন সংগঠনকে। এ সংগঠনের নানান কাজে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠান। আবার এসব প্রতিষ্ঠান যখন পদযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, তখন এই তরুণেরাই বিভিন্ন দায়িত্ব পালন করেন। সারা বছরই চলে নানা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে বস্তিতে এই কার্যক্রম চালান তরুণেরা।
ক্যাপের প্রতিষ্ঠাতা মুছা করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের তো টাকাপয়সা নেই। বিভিন্ন সংগঠন যখন ডাকে, তখন গিয়ে আমরা যতটুকু পারি সাহায্য করি। ম্যানপাওয়ার হিসেবে কাজে লাগি। পাশাপাশি নিজেদের একটি সংগঠন গড়ে তুলতে চাচ্ছি।’
মুছা করিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বস্তির মায়েদের জন্য অনুষ্ঠান করার জন্য তিনি বর্তমানে ঢাকায় আছেন। গত শনিবার প্রথম আলো কার্যালয়ে বসেই কথা হয় মুছা করিম, রাজধানী মিরপুরের সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা মিমির সঙ্গে।
মুছা করিমের বাসা চুয়াডাঙ্গায়। তিনি পড়াশোনার জন্য মামা-মামির সঙ্গে থাকতেন। মামি আদর করতেন মায়ের মতো। ২০১০ সালে শুনলেন মামি অসুস্থ। তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে তৃতীয় স্তরে। এর আগে লজ্জায় গোপনে নানা চিকিৎসা করেন। ২০১৩ সালে তিনি মারা যান। প্রায় একই সময়ে মুছার মায়েরও স্তনে সমস্যা দেখা দেয়। তবে তিনি দ্রুত চিকিৎসকের কাছে যান বলে এখনো সুস্থ আছেন। ২০১৫ সালের শুরুতে দাদির জরায়ুমুখের ক্যানসার শনাক্ত হয়। এরপর এক বান্ধবী, পরিচিত, আত্মীয় অনেকে এ ধরনের সমস্যার মধ্যে আছেন বলে জানা যায়। তারপরই ঢাকায় এসে এ-সংক্রান্ত নানান খোঁজ খবর নিতে থাকেন। পাশাপাশি বিভিন্ন সংগঠনের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে থাকেন।
মুছা করিম বলেন, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানকে সামনে রেখে মায়েদের, নারীদের বিভিন্ন তথ্য দিয়ে সচেতন করা হয়। তবে বস্তির মায়েদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখা গেল, তাঁদের শুধু তথ্য দিলেই হবে না। প্রতিকারের পথও দেখিয়ে দিতে হবে। তাই এবার স্বাস্থ্য ক্যাম্পসহ নানান উদ্যোগ নেওয়া হলো। ক্যাপের নারী সদস্যরা বস্তিতে তথ্য সংগ্রহ করেন। প্রায় ২২০ জন বিভিন্ন বয়সী মাকে স্বাস্থ্য ক্যাম্পে আসার জন্য রাজি করানো সম্ভব হয়।
ক্যাপের সদস্য আফসানা মিমি বস্তিতে তথ্য সংগ্রহের অভিজ্ঞতায় বলেন, অনেকে লজ্জায় কথা বলতে চাচ্ছিলেন না। আবার অনেকে নিজে অবিবাহিত হয়ে এ ধরনের বিষয় নিয়ে কেন কথা বলতে গিয়েছি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ক্যাপের আরেক সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন পাঁচ টাকা অটো ভাড়া না দিয়ে হেঁটে ক্যাম্পাসে যাই। এই পাঁচ টাকা জমা রাখি ক্যাপের চাঁদা দেওয়ার জন্য। আমরা শিক্ষার্থীরা মাদক বা অন্য কোনো বাজে কাজে সময় নষ্ট না করে এ কাজ করছি। পরিবারের লোকজন প্রথম দিকে বুঝতে না চাইলেও এখন বুঝতে পারে খারাপ কোনো কাজ করছি না।’
মুছা জানালেন, ভবিষ্যতে ক্যাপকে পুরোপুরি সংগঠন হিসেবে দাঁড় করাতে পারলে জরায়ু ও স্তন ক্যানসারের জন্য একটি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরি করবেন। ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের হাসপাতাল আছে।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়ক এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এই তরুণেরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেক দিন ধরে। তারপর নিজেরাই নিজেদের মতো করে সংগঠন শুরু করে। সাংগঠনিক দক্ষতা সেভাবে না থাকলেও তারা কাজটি করছে। গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলছে। তাদের অবশ্যই স্বাগত জানানো প্রয়োজন। তাদের যেকোনো অনুষ্ঠানে আমিও যাই।’