মা দিবসে মা হওয়ার আনন্দ তাঁদের

চার দিন ধরে প্রসবব্যথায় কাতরাচ্ছিলেন শারমিন আক্তার। গতকাল রোববার সকাল ছয়টা পাঁচ মিনিটে তাঁর কোল আলো করে এল ফুটফুটে শিশু। মুহূর্তেই সব কষ্ট ভুলে গেলেন শারমিন।

প্রথম মা হওয়ার আনন্দে আত্মহারা শারমিন কেবল বললেন, ‘খুব ভালো লাগছে।’ গতকাল ছিল বিশ্ব মা দিবস। সেটা তাঁর অজানা ছিল না। এই দিনে মা হতে পারার আনন্দ যেন আরও মধুর। চট্টগ্রামের আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে গতকাল শারমিনসহ চারজন প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত আটজন নারী স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দিয়েছেন। তাঁদের মধ্যে অর্ধেকই প্রথমবারের মতো মা হলেন। এ ছাড়া আরও দুই নারী অস্ত্রোপচারের মাধ্যমে গতকাল সকালে মা হন।
পটিয়ার আয়েশা আক্তার গতকাল ভোর সাড়ে তিনটায় কন্যাসন্তানের জন্ম দেন হাসপাতালে। সকালে আয়েশা ও তাঁর মেয়েকে দেখতে আসেন স্বজনেরা। প্রসবোত্তর ব্যথার ছাপ তখনো তাঁর চোখেমুখে। মাতৃত্বের অনুভূতি জানতে চাইলে আয়েশা মুচকি হেসে মেয়েকে জড়িয়ে ধরেন।
গতকাল সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেয়েছেন রাজিয়া বেগম ও রাইসা ইসলাম। তাঁদের অনুভূতিও অভিন্ন। হাটহাজারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার সকাল সাড়ে নয়টায় কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতককে ঘিরে কেবিনে স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তিনি বলেন, ‘আজ বুঝতে পারছি আমার মা কী কষ্ট করে আমাদের জন্ম দিয়েছিলেন। কীভাবে মানুষ করেছিলেন। মা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’
নাজমুনের পাশে ছিলেন শাশুড়ি দিল আফরোজ বেগম। তিনি বললেন, ‘নাতনি হওয়ায় খুশি আমি। এখনকার ছেলেরা মায়ের দেখভাল করে না।’ পাল্টা প্রশ্নে তিনি বলেন, ‘না না, আমার ছেলেরা আমাকে দেখতে পারে। তারা আলাদা।’ তাঁর কথা শুনে কেবিনে থাকা স্বজনেরা অট্টহাসিতে ফেটে পড়েন।