মা দেখলেন, নবজাতক তাঁর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের গৃহবধূ নাজমা খাতুন গত বুধবার সদর হাসপাতালে একটি সন্তান প্রসব করেন। গতকাল বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচারের পর নাজমার জ্ঞান ফিরলে শাশুড়ি আয়েশা বেগম তাঁকে বলেন, ‘তুমি বলেছিলে, ছেলে হবে। কই, হলো তো মেয়ে।’ সঙ্গে সঙ্গে নাজমা চিৎকার করে বলতে থাকেন, ‘অস্ত্রোপচারের সময় চিকিৎসক আমাকে বলেছিলেন, আমার ছেলে হয়েছে।’আধা ঘণ্টা পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ আরশেদ আলী ওয়ার্ড পরিদর্শনে আসেন। আরশেদ আলী আগের দিন নাজমার অস্ত্রোপচার করেন। চিকিৎসককে পেয়ে নাজমা চিৎকার দিয়ে বলেন, ‘ডাক্তার সাহেব, আপনি বলেছিলেন, আমার ছেলে হয়েছে। আমার সন্তান এনে দেন।’ চিকিৎসক নবজাতককে দেখিয়ে বলেন, ‘এই তো আপনার সন্তান।’ নাজমা বলেন, ‘এ কন্যা সন্তান।’ প্রসূতির কথায় চিকিৎসক অনেকটা বিস্মিত হন। তিনি মায়ের পাশে থাকা নবজাতককে ভালো করে দেখে নেন। এরপর চিকিৎসক আরশেদ আলী বলেন, ‘এ সন্তান নাজমার নয়।’ পাশাপাশি তিনি কর্মরত সেবিকাদের মাধ্যমে অস্ত্রোপচার কক্ষে রাখা হাসপাতালের নোট বই এনে তা যাচাই করেন এবং নাজমাকে নিশ্চিত করেন, তাঁর ছেলে হয়েছে।চিকিৎসকেরা খোঁজ নিয়ে দেখেন, একই দিন নাজমার অস্ত্রোপচারের এক ঘণ্টা আগে সদর উপজেলার এবাদপুর গ্রামের শুক্তা দত্তের (২১) অস্ত্রোপচার হয়। তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। শুক্তার অস্ত্রোপচার করেন চিকিৎসক নাজমা আরা বেগম। তিনি নিশ্চিত করেন, শুক্তা দত্ত মেয়েশিশুর জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার কক্ষের নোট বইয়েও তা উল্লেখ আছে।এ নিয়ে হাসপাতালে হুলুস্থুল শুরু হয়। ছুটে আসেন সিভিল সার্জন সফিকুর রহমান। তিনি দুই মায়ের অস্ত্রোপচারকারী চিকিৎসক, সেবিকা, ওয়ার্ডবয়সহ সব কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে কাগজপত্র পরীক্ষার পাশাপাশি দুই মায়ের আলট্রাসনোগ্রাম ও অস্ত্রোপচারকালে হাসপাতালের নোট বই ও দুই চিকিৎসকের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, নাজমা ছেলে ও শুক্তা মেয়ে জন্ম দিয়েছেন।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মেনে নেননি শুক্তা ও তাঁর শাশুড়ি। পরে খবর দেওয়া হয় হবিগঞ্জ থানায়।হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা উভয় নবজাতকের মা ও তাঁদের অভিভাবকদের বলেন, ‘আপনারা নিজেরা এ সমস্যার সমাধান করেন। নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় উপস্থিত আইনজীবী শফিকুর রহমান বলেন, প্রসূতি মায়েদের অস্ত্রোপচার কক্ষে রেখে নবজাতকদের বাইরে কারা দিল, তার তদন্ত হওয়া দরকার।