মা না থাকলে কী হবে জানেন না কাইয়ুম
রোগের নাম ‘অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস’। হাজার মানুষের একজন আক্রান্ত হন এই রোগে। কুমিল্লার আবদুল কাইয়ুমকে এ কথাই বলেছেন চিকিত্সকেরা। জেলার হোমনা থানার নিলখী গ্রামের বাসিন্দা এই যুবক দীর্ঘ ১৯ বছর ধরে লড়ছেন রোগটির সঙ্গে।
কাইয়ুমের শরীরে রোগটি প্রথম দেখা দেয় ২০০২ সালে। সেই সময় মাদ্রাসায় পড়ালেখা করতেন তিনি, বয়স ১৪ বছর। ছুটে যান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় চিকিত্সকদের কাছে। তবে কিছুতেই কিছু হয়নি। চিকিত্সায় বাধা হিসেবে আর্থিক অনটন তো ছিলই।
কাইয়ুম বলেন, আত্মীয়দের কাছ থেকে কিছু সহযোগিতা পেয়ে চিকিত্সার জন্য ঢাকায় অসেন তিনি। ২০০৩ সালে চিকিত্সা নেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ২০০৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এরপর কিছুদিন সুস্থ ছিলেন। তবে কয়েক দিন পরেই আবার সমস্যা শুরু হয়। চিকিত্সকেরা জানান, তাঁর কোমরের অস্থিসন্ধির কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। না হলে কার্যকারিতা হারিয়ে ফেলবে শরীরের অন্য অংশগুলোও।
তবে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন অনেক টাকা। থমকে যায় কাইয়ুমের সুস্থ হওয়ার স্বপ্ন। তিনি বলেন, এর মধ্যেই বেঁকে গেছে বাঁ পায়ের পাতা। হাঁটাচলা করতে পারেন না।
প্রয়োজন পড়ে লাঠির। বাবাও নেই। ২০১৭ সালে বাবাকে হারানোর পর মা-ই এখন একমাত্র ভরসা। সন্তানের দেখাশোনা এখন তিনিই করেন। মায়ের কিছু হলে ভাগ্যে কী আছে তা জানেন না কাইয়ুম।
চিকিত্সকদের অভিমত, তাঁর অস্ত্রোপচার করতে কমপক্ষে ছয় লাখ টাকার দরকার। দ্রুতই তা করতে হবে। এরপরে বাকি জীবনটাও বাঁচতে হবে ওষুধের ওপরেই।
এমন পরিস্থিতিতে সুস্থ হতে কাইয়ুম সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা: আব্দুল কাইয়ুম, হিসাব নম্বর: ০৭৮.১৩৪.০১৭.৭৫৬৩, সোশ্যাল ইসলামী ব্যাংক, গৌড়ীপুর শাখা, কুমিল্লা। বিকাশ (পার্সোনাল) নম্বর: ০১৬৪৩৮৮৭১৮৬।