মা নিখোঁজ, ছেলের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জাহিদ হোসেন (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ নীলফামারী পৌর এলাকার স্টেশনপাড়ার ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। জাহিদের মাও পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
জাহিদকে হত্যা করার অভিযোগে পুলিশ গতকালই তার সৎবাবা আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে। এই হত্যার ঘটনায় জাহিদের নানা আজিজুল ইসলাম সদর থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জাহিদের বাবা মমিনুল ইসলাম প্রায় চার বছর আগে মারা যান। এরপর তার মা জুলেখা বেগম দুই বছর আগে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল গ্রামের আমজাদ হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে শহরের কলেজ পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন আমজাদ ও জুলেখা। জুলেখার ছেলে জাহিদ দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর গ্রামে নানার বাড়িতে থেকে খানসামা পাইলট উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করত। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ২০ ডিসেম্বর মা জুলেখা বেগম নীলফামারীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। জাহিদকে গত বুধবার বিকেলে ফুসলিয়ে তাঁর কাছে নিয়ে আসেন আমজাদ। এরপর বুধবার রাতে জাহিদ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে আমজাদ সদর থানায় মামলা করতে আসেন।
খবর পেয়ে নানা আজিজুল ইসলাম ঘটনাস্থলে এসে জাহিদের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান এবং গতকাল সকালে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বেলা ১১টার দিকে আমজাদের ভাড়া বাড়ি থেকে জাহিদের লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার জানান, সুরতহাল প্রতিবেদনে জাহিদের ঘাড় ও ডান হাতে আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। হত্যার পর মুখে কীটনাশক ঢেলে হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদের নানার দায়ের করা হত্যা মামলায় আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারী সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।