মা নয়, চাচির কাছে থাকতে চায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল শিশুটি। তার একটাই কথা, সে মায়ের কাছে যাবে না, চাচির সঙ্গে থাকবে। থানার পুলিশও আট বছরের শিশুর এমন আচরণে হতবাক। দেড় মাস আগে শিশুটি চন্দনাইশ থেকে চাচির সঙ্গে চট্টগ্রাম শহরে বেড়াতে আসে। এরপর আর সে মায়ের কাছে ফেরেনি। শিশুটি বাড়ি না ফেরায় তার মা গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অভিযোগ করেন। পর বিকেলে শিশুটিকে নগরের মোহাম্মদপুর এলাকার চাচির বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তবে থানায় আনার পরও শিশুটি পুলিশকে জানায়, সে কিছুতেই মায়ের কাছে যাবে না। তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। থানায় তার মা ও চাচি দুজনই ছিলেন। গতকাল বুধবার দুপুরে বাধ্য হয়ে শিশুটিকে আদালতে হাজির করা হয় বলে জানান পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম। তিনি প্রথম আলোকে বলেন, আদালতে মা ও চাচি দুজনই শিশুটিকে জিম্মায় নেওয়ার আবেদন করেন।

শিশুটির মা আদালতকে বলেন, সন্তানকে কেবল শাসন করেছেন তিনি। আদালতের কাছে তিনি অভিযোগ করেন, তাঁর জা শিশুটিকে ফুসলিয়ে নিজের কাছে রেখে দিতে চান। শিশুটির বাবা সৌদি আরবপ্রবাসী।

শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ শিশুটিকে তার চাচির জিম্মায় দেন। একই সঙ্গে আদেশে বলেন, মা যখনই চাইবেন, তখনই শিশুটির সঙ্গে দেখা করতে পারবেন।

শিশুটির মায়ের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘কেন শিশুটি মায়ের সঙ্গে থাকতে চায় না, সেটা আমাদের জানতে হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেব।’