
নিজের দুই সন্তানকে মা হত্যা করেছেন—এমন দাবি মানতে পারছেন না মা মাহফুজা মালেকের পরিবারের সদস্যরাও। তাঁদের দাবি, কাউকে বাঁচাতে তিনি নিজেকে ফাঁসিয়েছেন।
পুলিশ রাজধানীর বনশ্রীর দুই শিশু হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে মা মাহফুজাকে ১০ দিনের রিমান্ড নিতে চেয়েছিল। গতকাল শুক্রবার আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত সোমবার রাজধানীর বনশ্রীতে নুসরাত আমান (১২) ও আলভী আমান (৬) নামে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়। পরদিন জামালপুরে তাদের দাফন হয়। বুধবার সকালে জামালপুর থেকে দুই শিশুর মা মাহফুজা মালেক, বাবা আমান উল্লাহ ও খালা আফরোজা মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা নিজেই দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
বৃহস্পতিবার র্যাবের সংবাদ সম্মেলনের পর থেকেই প্রথম আলো মাহফুজার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করছিল। তাঁর গ্রামের বাড়িতে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গতকাল পরিবারের এক সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মাহফুজার কোনো মানসিক সমস্যা ছিল না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। সন্তানদের খুবই ভালোবাসতেন। বাচ্চা দুটো ছিল তাঁর চোখের মণি। তাদের পড়ালেখা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকলেও উদ্বেগ ছিল না। সন্তানকে মারধর করতেন কি না, জানতে চাইলে তিনি বলেন, কখনোই না।
বৃহস্পতিবার রাতে র্যাব রামপুরা থানায় মাহফুজাকে হস্তান্তর করে। এরপর স্বামী আমান উল্লাহ বাদী হয়ে মাহফুজাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। আমান উল্লাহর সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। কাল আমান উল্লাহর বনশ্রীর বাসা তালাবদ্ধ পাওয়া যায়। বাসার দারোয়ান পিন্টু মণ্ডল বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমান উল্লাহ বাসায় এসেছিলেন। সঙ্গে আমান উল্লাহর ভাই ও দুই বন্ধু ছিলেন। কিছুক্ষণ পর পুলিশের চার সদস্য বাসায় আসেন। এর ১৫-২০ মিনিট পর পুলিশসহ সবাই বাসা থেকে বের হয়ে যান।
আমান উল্লাহর পরিবার সম্পর্কে জানতে চাইলে পিন্টু বলেন, ‘তারা খুবই ভালো মানুষ ছিলেন। কীভাবে কী হলো কিছুই বুঝতে পরছি না। দুজনের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ চোখে পড়েনি।’
প্রায় ছয় মাস ধরে আমান উল্লাহর বাসায় কাজ করতেন আমেনা বেগম। ঘটনার দিন সোমবার সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কাজ করেছেন। তিনি বলেন, ‘কোনো দিন এই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ দেখিনি। মা দুই সন্তানকে খুবই আদর করতেন। কখনো সন্তানকে মারধর করতে দেখিনি।’
আদালতে মাহফুজা: দুই সন্তান হত্যার মামলায় গ্রেপ্তার তাদের মাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানান যে, তিনি বাচ্চাদের লেখাপড়া নিয়ে টেনশন করতেন। এর পরিপ্রেক্ষিতে তাদের হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বললেও প্রকৃতপক্ষে কীভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করেন, কেন হত্যা করেন—এ বিষয়ে নিশ্চুপ থাকেন। এই জোড়া হত্যার প্রকৃত রহস্য কী। হত্যার পরিপ্রেক্ষিতে কে লাভবান হলো। এসব বিষয়ের সমাধানের জন্য আসামির দেওয়া প্রাথমিক জবানবন্দি যথেষ্ট নয়। আসামির এসব কথাবার্তা যৌক্তিক নয়। এমনকি অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আসামির এ জবানবন্দি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর মুখাবয়বে কী যেন লুকিয়ে আছে, তা স্পষ্টভাবে অনুমান করা যায়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, আসামি পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। আসামির ভাষ্য, ঘুমন্ত অবস্থায় ১২ বছর বয়সী মেয়ে নুসরাতকে বিছানা থেকে নামিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাকালে ধস্তাধস্তি করার এক পর্যায়ে মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে। পরে ছেলে আলভীকে বিছানার ওপর শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।
শুনানিতে আসামির আইনজীবী শাফায়েত আলী বলেন, আসামি অসুস্থ। তাঁর চিকিৎসা প্রয়োজন। তাঁকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান আদালতকে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে আর কে বা কারা জড়িত, তা বের করার জন্য আসামির রিমান্ড মঞ্জুর করা হোক। শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বেলা একটার দিকে আসামি মাহফুজাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নিয়ে আসে পুলিশ। বেলা তিনটার দিকে তাঁকে আদালতের এজলাসে তোলা হয়। আদালতে আনা থেকে শুনানি পর্যন্ত মাহফুজা ছিলেন নির্বাক। কিছুক্ষণ পর পর ওড়না দিয়ে নিজের মুখ মুছতে দেখা যায় তাঁকে।
এর আগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে আসামিকে হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিবারই তিনি হত্যার কথা স্বীকার করছেন এবং হত্যার পেছনে সন্তানের লেখাপড়া নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় মাহফুজা স্বাভাবিক ছিলেন। রাতে, সকালে ও দুপুরে নিয়মিত খাবারও খেয়েছেন। ওসি বলেন, এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। তদন্তের পর সব প্রশ্নের জবাব পাওয়া যাবে।