
রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর ভাইবোন খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মা তানজিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তবে তানজিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। তাঁরা বলছেন, দুই সন্তানের প্রতি তাঁর যত্ন-আত্তি বা মায়ার কমতি ছিল না। এ ঘটনায় তাঁরা হতবাক। অবশ্য পুলিশ বলছে, তানজিন মানসিক ভারসাম্যহীন কি না, তা তারা এখনো নিশ্চিত নয়।
দুই শিশুরই লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন, দুটি বাচ্চার ঘাড়েই দুটি করে কোপ ছিল। ধারালো ভারী কোনো অস্ত্র দিয়ে তাদের কোপ দেওয়া হয়েছিল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে দুই ভাইবোন মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার (৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মাশরাফি খিলগাঁও বাগিচা মাদ্রাসার নূরানি শাখার ছাত্র ও হুমায়রা স্থানীয় দীপ শিখা কিন্ডারগার্টেনের কেজি শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পর থেকেই তাদের মা তানজিন আক্তারের (৩১) খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে পুলিশ তাঁকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করে।
এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান সবুজবাগ থানায় স্ত্রী তানজিন আক্তারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন। আদালত গতকাল শনিবার তানজিন আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাজিলুর রহমান প্রথম আলোকে বলেন, বাচ্চা দুটির মা স্বীকার করেছেন যে তিনি তাদের হত্যা করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘কেউ একজন আমার কানে বলছিল ওদেরকে মারলে ভালো হবে, তাই মেরেছি।’
মুস্তাজিলুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর তানজিন আক্তার এলাকারই কোনো একটি বাড়িতে রাতে ছিলেন। ভোর পাঁচটার দিকে মানুষ যখন রাস্তায় চলাচল শুরু করে, তখন তিনি মানুষের সঙ্গে মিশে মূল রাস্তায় ওঠার চেষ্টা করছিলেন। ওই সময় পুলিশের একটি টহল দলের নজরে পড়লে তাঁকে থানায় নিয়ে আসা হয়। বাচ্চা দুটির মা মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষেই পরিষ্কারভাবে এ বিষয়ে বলা যাবে।
শিশু দুটির বাবা ঢাকা ওয়াসার কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমান প্রেষণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত আছেন। মামলার এজাহারে তিনি বলেছেন, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তানজিন আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকে তিনি খিলগাঁওয়ের বাগিচা এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। এ বছরের জানুয়ারি মাসে তাঁরা এখনকার ভাড়া বাসায় ওঠেন। শুক্রবার তাঁর ছোট শ্যালক বাসায় এলে ভালো খাবারদাবার রান্না করেন তানজিন। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাসায় দুই বাচ্চা ও স্ত্রীকে রেখে তিনি শ্যালককে মগবাজারের মধুবাগ এলাকার মাতৃছায়া আবাসিক স্কুলে পৌঁছে দিতে যান। এরপর বাসাবোর ঝিলপাড়ের একটি মসজিদে এশার নামাজ শেষ করে বেরিয়ে এলে তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান তাঁকে ফোন করে জানান, বাড়িওয়ালা তাঁকে ফোন দিয়ে জানিয়েছেন তাঁর বাসার সামনে রক্ত। এরপর তিনি সোয়া নয়টার দিকে বাসায় এসে দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পান।
গতকাল বউবাজারের ওই বাড়িটিতে গিয়ে দেখা যায়, সাততলায় দুই কক্ষের দুটি ফ্ল্যাট রয়েছে। এর একটিতে দুই সন্তান নিয়ে মাহবুবুর-তানজিন দম্পতি থাকতেন। ফ্ল্যাটটির মূল ফটকে একটি বড় তালা ঝুলতে দেখা যায়। বাড়ির তত্ত্বাবধায়ক ইয়াকুব আলী জানান, পুলিশ ঘটনার পর বাসাটিতে তালা দিয়ে রেখেছে। একেবারে লাগোয়া ফ্ল্যাটে থাকেন পোশাক ব্যবসায়ী আরিফুল ইসলাম, তাঁর স্ত্রী হাফেজা ইসলাম ও মেয়ে মায়মুনা। তবে ঘটনার সময় তাঁরা কেউই বাসায় ছিলেন না বলে জানিয়েছেন।
হাফেজা ইসলাম প্রথম আলোকে জানান, জানুয়ারি মাসে একই দিনে তাঁরাও বাসাটিতে উঠেছেন। তানজিনের সঙ্গে প্রতিবেশী হিসেবে তাঁর ভালো সম্পর্ক ছিল। বাচ্চা দুটো তাঁর মেয়ের সঙ্গে খেলত। তানজিন মানসিক বিকারগ্রস্ত বা ভারসাম্যহীন, এটা তিনি কখনোই বুঝতে পারেননি। বাসায় অধিকাংশ সময় তানজিন ঘুমিয়ে বা ছোট মেয়েকে পড়িয়ে সময় কাটাতেন। তবে বিভিন্ন সময় তানজিন তাঁকে বলেছেন, রাতে তাঁর ঘুম হয় না। তাই তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করেন।
হাফেজা বলেন, শুক্রবার দুপুরেও তিনি তানজিনকে তাঁর ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিতে দেখেছেন। ওই সময় তিনি তাঁর (তানজিন) বাসায় চিনি আনতে গিয়েছিলেন। বিকেলে তিনি (হাফেজা) তাঁর মেয়েকে নিয়ে একটি বাসায় বেড়াতে যান। তখন তিনি তানজিনকে তাঁর সঙ্গে ওই বাসায় যাওয়ার জন্য ডেকেছেন, কিন্তু স্বামী বাসায় থাকায় তিনি যেতে পারবেন না বলে জানিয়েছেন। এরপর রাত নয়টার দিকে ফিরে দেখেন এমন ঘটনা।
হাফেজা জানান, তানজিনের বাসায় বাইরের মানুষেরও কোনো যাতায়াত ছিল না। গত সাড়ে সাত মাসে তিনি তানজিনের মা, ছোট ভাই, খালা শাশুড়ি ও মাহবুবের এক মামাতো বোনকে বাসায় আসতে দেখেছেন। তানজিন নিয়মিত নামাজ এবং কখনো কখনো বোরকাও পরতেন বলে জানান হাফেজা। বাচ্চাদের খুবই আদর-যত্ন করতেন। এমন ঘটনা ঘটতে পারে তা তিনি এখনো ভাবতে পারছেন না।
বাড়ির মালিক মো. আতিকুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে একটি ফ্ল্যাটের বুয়া সিঁড়িতে ছোপ ছোপ রক্ত দেখতে পান। রক্তের দাগ অনুসরণ করে তিনি ওই ফ্ল্যাটটির সামনে রক্ত দেখতে পান। এরপর তিনি বিষয়টি তাঁদের জানালে তাঁরা মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন।
আতিক বলেন, বাড়ির নিচে মূল ফটকে থাকা কলাপসিবল গেটটি সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু সব ফ্ল্যাটেই একটি করে চাবি দেওয়া আছে। তাই কোন সময় তানজিন হত্যাকাণ্ডটি ঘটিয়ে বেরিয়ে গেছেন, তা কেউ দেখতে পায়নি।
গতকাল খিলগাঁওয়ের বাগিচা এলাকায় তানজিনের বাবার বাড়িতে গেলে প্রতিবেশী ও তাঁর স্বজনদের সঙ্গে কথা হয়। সাইদুর রহমান নামে এক প্রতিবেশী বলেন, তানজিনের আগে একটি বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে তিনি সৌদি আরবেও গিয়েছিলেন। সেখানে তাঁর মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি ধরা পড়লে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর দেশে ফিরে এলে মাহবুবের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। বাচ্চাদের তিনি অসম্ভব ভালোবাসতেন।
তানজিনের ভাবি স্মৃতি আক্তার জানান, অসুস্থ হলে তানজিন কাউকেই চিনতেন না। চুপ করে বসে থাকতেন। মাঝেমধ্যে বাসা থেকে বেরিয়ে যেতেন। আনুমানিক ১০ মাস আগে তিনি সর্বশেষ বাসা থেকে বেরিয়ে যান। পুরো এক দিন বাইরে থাকার পর আবার নিজে নিজেই ফিরে আসেন। তবে তাঁর কান, গলা ও নাকে থাকা স্বর্ণালংকার কে বা কারা রেখে দেয়।
মাহবুবুরের বড় বোন লায়লা নূরও ঘটনার দিন রাতে প্রথম আলোকে বলেন, বাচ্চা হওয়ার পরে তানজিন খুব মানসিক বিষণ্নতায় ভুগতেন। ডাক্তার তাঁকে বিষণ্নতার কারণ জিজ্ঞেস করলে তানজিন বলেছিলেন, প্রায়ই তিনি স্বপ্নে দেখেন যে তিনি তাঁর দুই বাচ্চাকে মেরে ফেলেছেন।