মা পুরস্কার ঘোষণা করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে তাজউদ্দিন (১৮) খুন হওয়ার দেড় মাস পার হয়ে গেল। কিন্তু খুনি ধরা পড়েনি। তাই খুনিকে ধরিয়ে দিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের ওই মা পুরস্কার ঘোষণা করেছেন। তাজের মা তয়রুন নেছা গতকাল শুক্রবার স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের এ কথা জানান। গত ৯ আগস্ট নিজ বাড়ির সামনে একটি খালে মাছ ধরার সময় তাজকে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, একই গ্রামের নূরুল ইসলাম তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাজের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই বিশ্বনাথ থানায় তাজের মা বাদী হয়ে নূরুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তয়রুন নেছা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। এত দিনেও খুনি ধরা পড়েনি। তাই খুনিকে ধরিয়ে দিতে আমি ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি। পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারীকে এই পুরস্কার দেওয়া হবে।’