মা পেল শিশু নিলুপা

জন্মের পর নবজাতকটিকে দেখতে হয়েছে নিষ্ঠুর পৃথিবী। মায়ের কোল নয়, আশ্রয় মিলেছিল ভবনের সিঁড়িতে। গর্ভধারিণীর দেখা না পেলেও অবশেষে মায়ের কোল পেয়েছে শিশুটি। গতকাল মঙ্গলবার যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে এক দম্পতি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিয়েছেন।
গত রোববার বিকেলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার সিঁড়ি থেকে ওই নবজাতকটিকে উদ্ধার করা হয়। তখন তার আনুমানিক বয়স চার দিন। তখন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটির শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স ও আয়াদের তত্ত্বাবধানে ছিল শিশুটি। গতকাল তার ঠাঁই মিলেছে গোলাম ফারুক (৫০) ও শিলুফা বেগম (৪২) দম্পতির কাছে। নিঃসন্তান এ দম্পতির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মণ্ডল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ রায় গতকাল সকালে শিশুটিকে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন। এ সময় পালিত মায়ের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয় নিলুপা।
শিলুফা বেগম বলেন, ‘মনিরামপুরে আমাদের এক আত্মীয় আছেন। শিশুটিকে উদ্ধার করার সময় আমার এক আত্মীয় হাসপাতালে ছিলেন। তিনি বাচ্চাটিকে দেখে আমাদের ফোন করেন। পরদিন সোমবার আমরা এখানে এসে বাচ্চাটাকে নেওয়ার কথা জানাই। হাসপাতালের লোকজন আমাদের ইউএনওর কাছে পাঠান। তিনি আমাদের প্রয়োজনীয় কাগজপত্র চান। সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ (গতকাল) বাচ্চাটাকে পেলাম।’
গোলাম ফারুক বলেন, ‘দীর্ঘ ২৪ বছরের সংসারজীবনে আমাদের সন্তান হয়নি। শিশুটিকে পেয়ে আমাদের সেই অভাব পূরণ হলো।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ রায় বলেন, কয়েকজন শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এই দম্পতিকে ভালো মনে হওয়ায় তাঁদের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ অতুল মণ্ডল বলেন, ওই দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটিকে তাঁদের দায়িত্বে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যদি শিশুটির প্রকৃত মা-বাবা এসে দাবি করেন, তখন আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।