মা বললেন, আজ তোর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হঠাৎ দেখি বাড়িতে বরযাত্রী। বুঝে উঠতে পারছিলাম না। মা এসে বললেন, আজ তোর বিয়ে, সাজগোজ করেনে। তবে বিয়েতে রাজি ছিলাম না। কিন্তু আমার ইচ্ছের কোনো গুরুত্ব না দিয়ে জোর করে ওরা আমাকে বিয়ে দিচ্ছিল।’

ভ্রাম্যমাণ আদালতের সামনে গতকাল রোববার দুপুরে এভাবে বাল্যবিবাহ আয়োজনের কথা জানায় পাবনার ঈশ্বরদীর সপ্তম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ছাত্রীর বয়স ১৩ বছর। গত রোববার রাতে পতিরাজপুরে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। তবে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে সে রক্ষা পেয়েছে।

গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে ছাত্রীসহ পাঁচজনকে হাজির করে পুলিশ। এ সময় তাদের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ ছাত্রীকে শাস্তি থেকে খালাস দেন। তবে বাল্যবিবাহ করতে আসার অভিযোগে (বর) নাজমুল মণ্ডলকে (২৩) এক মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে ছেলের বাবা নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রামের কৃষক বাদশা মণ্ডল, ছাত্রীর বাবা ও মা—প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের কাজ সমাপ্ত ঘোষণার আগে আদালতের হাকিম শাকিল মাহমুদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ ঠেকানোর জন্য পরিবার ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের বাল্যবিবাহের কাহিনি শুনে আমি বিস্মিত হয়েছি।’

ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার বিকেলে খেলা শেষ করে সন্ধ্যায় সে পড়ালেখার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দুটি ভটভটিতে করে বরযাত্রী এসে হাজির। মায়ের কাছে তার বিয়ের কথা শোনে। এতে তার কিছুতেই মন বসছিল না। তবে হঠাৎ বাড়িতে পুলিশ চলে আসায় বাল্যবিবাহের যন্ত্রণা থেকে সে রক্ষা পেয়েছে।

নাজমুল মণ্ডল পেশায় একজন ট্রাকচালক। তিনি জানান, বিয়ে ঠিক হলেও তিনি কনে দেখেননি। কনে দেখা ও বিয়ের আয়োজন রোববার রাতেই হওয়ার কথা ছিল। তাঁর ইচ্ছে নয়, মা-বাবার ইচ্ছায় তিনি বিয়ে করতে রাজি হন। নাজমুলের বাবা বাদশা মণ্ডল জানান, মেয়েটি দেখে ছেলের জন্য পছন্দ করেছিলেন তাঁর বৃদ্ধা মা। মায়ের শখ পূরণ করার জন্য তিনি এই বিয়ের আয়োজন করেন। তবে মেয়ের পরিবারে আর্থিক অবস্থা খারাপ থাকায় তিনি ওই দিন সন্ধ্যায় ১০ কেজি মাংস ও অন্যান্য সামগ্রী কিনে বিয়ের প্রস্তুতি নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন।