মা-বাবা ও সন্তানের সম্পর্কে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে
দুপক্ষেরই বিস্তর অভিযোগ। মা-বাবার কেউ বলছেন, মেয়ে তো কথাই শোনে না; মাথা গুঁজে ফোন হাতে বসে থাকে সারা দিন। কারও অভিযোগ, ছেলে ঘরে এসেই দরজা বন্ধ করে দেয়। ডাকলে বিরক্ত হয়। আর সন্তানেরা বলছেন, মা-বাবা তো আমাকে বুঝতে চান না; বিশ্বাস করেন না।
মা-বাবা আর সন্তানের মধ্যকার এই দ্বন্দ্বের সমাধান কী? গতকাল শনিবার বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সন্তান লালন-পালনবিষয়ক সেমিনারে অধ্যাপক মেহতাব খানম বললেন, পরিবারে বিশ্বাস ও সহমর্মিতার চর্চা মা-বাবা ও সন্তানের সম্পর্কের জটগুলো খুলতে সাহায্য করবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ইউনিট আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আর তাঁদের মা-বাবা অংশ নেন। দুই পর্বের এই সেমিনারে মা-বাবা আর সন্তানেরা পারস্পরিক সম্পর্কের সমস্যাগুলো নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনা করেন।
অনুষ্ঠানের অতিথি ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক লেডি সারওয়াত আবেদ বলেন, যুগের ব্যবধানে সন্তান আর মা-বাবার আগ্রহের জায়গাগুলো আলাদা হয়ে গেছে। অনেক সময়ই একে অন্যের সঙ্গে কথা বলার বিষয় খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় পারিবারিক আড্ডা, আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাতের পুরোনো চর্চাগুলো ফিরিয়ে আনতে হবে। সন্তানদের উপদেশ দেওয়ার চেয়ে তাদের কথা শুনতে হবে বেশি।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অভিভাবক ও সন্তান—দুপক্ষই পরস্পরের আচরণ নিয়ে প্রশ্ন রাখে। সমাধান জানতে চায়।
সম্পর্ক উন্নয়নের পরামর্শে কাউন্সেলিং ইউনিটের উপদেষ্টা অধ্যাপক মেহতাব খানম বলেন, সম্পর্কের প্রতিবন্ধকতাগুলো দুপক্ষকেই খুঁজে বের করতে হবে। যেকোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস। বয়সে বড়রাই শুধু শ্রদ্ধা পেতে পারেন—এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে।
মেহতাব খানম বলেন, মা-বাবার আচরণের দ্বৈততা সন্তানের ওপর প্রভাব ফেলে। দুজনকে তাই একসঙ্গে বসে করণীয় ঠিক করতে হবে। সন্তানের প্রতি অভিভাবকদের সংবেদনশীল হতে হবে। তাঁদের জগতে ঢুকতে হবে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সন্তানদের মনের খবর মা-বাবাকে রাখতে হবে।
সেমিনারে মা-বাবা ও সন্তানের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার কৌশলগুলো উপস্থাপন করেন কাউন্সেলিং ইউনিটের সমন্বয়ক শমী সুহৃদ। সঞ্চালনায় ছিলেন কাউন্সেলিং ইউনিটের প্রভাষক অ্যানি আন্তোনিয়া বাড়ৈ।