মা বাবা ছেলেকে এক দড়িতে বেঁধে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের কিস্তি অনাদায়ি মামলায় মা, বাবা, ছেলেসহ চারজনকে এক দড়িতে বেঁধে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁরা হলেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ীপাড়া গ্রামের জনাব আলী, তাঁর স্ত্রী অহেলা খাতুন ও ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের নুর আকন্দের ছেলে বেনু আকন্দ।

তবে তাঁদের দাবি, কিস্তির টাকা তাঁরা অনেক আগেই পরিশোধ করেছেন।

এলাকার অনেকে, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ওই চারজন উপজেলা ব্র্যাকের সোনাহাটা শাখা থেকে প্রায় এক লাখ টাকা কিস্তিতে ঋণ নেন। পরে তাঁরা সাপ্তাহিক কিস্তিতে ব্র্যাকের মাঠকর্মী নুর সালামের কাছে পর্যায়ক্রমে টাকা জমা দেন। এ ছাড়া তাঁরা সপ্তাহে ২০ টাকা করে নিয়মিতভাবে সঞ্চয়ের টাকা জমা করেন। কিন্তু নুর সালাম তাঁদের ১০-১২টি কিস্তির টাকা অনাদায়ি রেখে অন্যত্র বদলি হয়ে যান। পরে অন্য মাঠকর্মী অনাদায়ি কিস্তির টাকা চাইলে তাঁরা দিতে অস্বীকার করেন। এ ঘটনা নিয়ে সোনাহাটা শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বাদী হয়ে বগুড়া অর্থঋণ আদালতে ওই চারজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সোমবার রাতে পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে গতকাল মঙ্গলবার দুপুরে এক দড়িতে বেঁধে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে তাঁদের কারাগারে পাঠানো হয়।

থানাহাজতে জনাব আলী বলেন, ‘মাঠকর্মী আমাইগরে টেহা পাশ বইয়ে না তুইলা চইলা গেছে। কবে আমাইগরে নামে মামলা হইছে, তাও কইতে পারি না। হঠাৎ করেই পুলিশ আমাইগরে হাতে দড়ি বাইন্দা ধইরা আইনছে।’

অহেলা বলেন, ‘কিস্তির টেকা দেওয়ার পরও মিথ্যা মামলা করে হাতে দড়ি দেওয়া হলো। গাঁয়ের মানষের কাছে মুখ দেখামু কেমনে।’

তবে আবু বকর সিদ্দিক মামলা দায়ের কথা স্বীকার করে বলেন, ‘তাঁরা কত টাকা ঋণ নিয়েছিলেন বা কত টাকার কিস্তি পরিশোধ করেছেন, তার সঠিক হিসাব আমি দিতে পারছি না। আদালতে মামলার জন্য সব কাগজপত্র আইনজীবীর কাছে জমা রয়েছে।’

ধুনট থানার এসআই এনায়েত কবীর জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।