মা-বাবা বাড়ির বাইরে, বন্ধ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা বাসায় ছিলেন না। ঘরে দুই শিশুকন্যাকে বাইরে থেকে দরজা আটকে রেখে মা পাশের বাড়িতে টেলিভিশন সিরিয়াল দেখতে যান। আর তখনই বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। বড় মেয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারলেও ঘুমিয়ে থাকা ছোট মেয়েটি ঘরের ভেতরই আগুনে পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় খলিলুর রহমান বাড়ির বাইরে ছিলেন। তাঁর স্ত্রী সোকেলা খাতুন প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে আটটায় পাশের বাড়িতে ভারতীয় বাংলা সিরিয়াল ‘কিরণমালা’ দেখতে যান। সে সময় ঘরের ভেতর মুঠোফোন চার্জ দেওয়া অবস্থায় ছিল। ঘরের ভেতর দুই মেয়েকে বাইরে থেকে দরজা আটকে রেখে যান তিনি। বড় মেয়ে সাইমা (১০) জেগে থাকলেও ছোট মেয়ে রিতু (৭) ঘুমিয়ে ছিল। একপর্যায়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘরের ভেতর আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সে সময় সাইমা আহত অবস্থায় জানালা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও রিতু আটকা পড়ে। ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে রিতু মারা যায়। আহত সাইমাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাতেই ঘটনাস্থলে যান খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান।
রেবেকা খান বলেন, মেয়ে দুটির মা-বাবা ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন। চিকিৎসাধীন বড় মেয়েটি এখন আশঙ্কামুক্ত।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সোকেলা খাতুন পাশের বাড়িতে টেলিভিশন সিরিয়াল দেখতে গিয়েছিলেন। সে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।