মা-বাবা-মেয়েসহ তিন জেলায় নিহত ৭
গাজীপুরের কালিয়াকৈর, যশোরের অভয়নগর, বাগেরহাটের রামপাল ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছে।এক পরিবারের তিনজন নিহত: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো কালিয়াকৈর উপজেলার গাবতলী (খালপাড়) গ্রামের করিম মাস্টারের ছেলে শাকিল আহাম্মেদ (৩০), তাঁর স্ত্রী কহিনুর আক্তার (২২) ও তাঁদের মেয়ে রাওয়ান আক্তার (৩)। নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার ছাটিয়া গ্রামে অসুস্থ নানাশ্বশুরকে দেখতে শাকিল আহাম্মেদ তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চড়ে সকালে রওনা দেন। বেলা ১১টায় ওই মহাসড়কের সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই তিনজন মারা যান। স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। গোরাই হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।লরির চাপায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর: যশোরের অভয়নগর উপজেলার খুলনা-যশোর মহাসড়কের তালতলা এলাকায় গতকাল একটি ট্যাংকলরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩০) ও তাপসকে (৩১) চাপা দেয়। নিহত তরিকুল ও তাপসের গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার রামনগর গ্রামে। পুলিশ ট্যাংকলরিটি আটক করেছে। গরুর সঙ্গে ধাক্কা লেগে নিহত ২: বাগেরহাটের রামপাল-গিলাতলা সড়কের বাঁশতলী স্যাঁদলার মোড়ে গতকাল একটি গরুর সঙ্গে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গেলে মোটরসাইকেলের আরোহী রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ (৩৫) এবং একই উপজেলার গাববুনিয়া গ্রামের রুহুল মোল্লা (৩০) নিহত হন। তাঁরা দুজনই ব্যবসা করতেন। গরুটিও মারা গেছে।সড়কের বাস ঘরে, আহত ১২: কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল সাতটায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন আবদুল হাইয়ের বাসভবনে ঢুকে যায়। এতে বাস চালকসহ ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। এ সময় ওই বাড়ির ১০ জন সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কালিয়াকৈর (গাজীপুর), অভয়নগর (যশোর), বাগেরহাট ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি]