মা-বাবা-মেয়েসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
সিরাজগঞ্জের তাড়াশে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও মেয়ে নিহত হয়েছে। খুলনার কয়রা, কক্সবাজারের চকরিয়া, গাইবান্ধার সাদুল্যাপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: বনপাড়া-হাটিকুমরুল সড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষুটিতে বৃহস্পতিবার একটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর গ্রামের আজাহার উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী লাইলি বেগম (৩৫) ও মেয়ে তাসলিমা আক্তার (১৫) নিহত হয়। আজাহার উদ্দিন সৌদি আরব থেকে দুই বছর পর বৃহস্পতিবার ঢাকা আসেন। ঢাকা থেকে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় আজাহারের বাবা এলাজ উদ্দিন (৭০), ভাতিজা আকাশসহ (৬) সাতজন আহত হয়। কয়রা (খুলনা): কয়রা-খুলনা মহাসড়কের কয়রা উপজেলার নাকশা গ্রামে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের যাত্রী সাতক্ষীরার আশাশুনী উপজেলার মৃত রুহুল আমীনের ছেলে রনি (১২) ও মেয়ে রুমি (১৪) নিহত হয়। চকরিয়া (কক্সবাজার): চকরিয়া-লামা-আলীকদম সড়কের মিরিঞ্জা এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী জিপ (চান্দেরগাড়ী) খাদে পড়ে যায়। এতে জিপের যাত্রী চকরিয়া উপজেলার পহঁরচাঁদা গ্রামের ফররুখ আহমদ (৬০) নিহত হন। গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বত্রিশমাইল এলাকায় বুধবার রাতে একটি ট্রাক শ্যালো ইঞ্জিনচালিত একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমের যাত্রী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির মোকাম গ্রামের হজরত আলী (৫২) নিহত হন। সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গাড়াদহ বাসস্ট্যান্ডের কাছে গতকাল শুক্রবার একটি ট্রাকের চাপায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সামসুল ইসলাম (২৭) নিহত হন।