মা-বাবাকে খুঁজছে ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ছেলেটির বয়স ছিল ছয় কি সাত। মায়ের সঙ্গে ঢাকায় গিয়েছিল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হারিয়ে যায় ছেলেটি। সেই থেকে ঢাকার ফুটপাত, বাস টার্মিনালে কেটেছে ১০টি বছর। ছেলেটি এখন তার মা-বাবাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।
গত সোমবার দুপুরে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালক ছেলেটিকে নিয়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গিয়েও মা-বাবা ও বাড়িঘরের সন্ধান পাননি। পরে ওই চালক ছেলেটিকে পটুয়াখালী সদর থানায় নিয়ে যান।
থানায় বসে ছেলেটি তার নাম আক্তার বলে জানায়। বাবার নাম আলম। মায়ের নাম মনে করতে পারেনি। বাড়ির সঠিক ঠিকানাও তার জানা নেই। তবে গ্রামের নাম খাজুরগাছিয়া পাঁচ কপাট অথবা খাজুরা গ্রাম হতে পারে বলে জানিয়েছে।
আক্তার বলে, সে লঞ্চে মায়ের সঙ্গে ঢাকায় যাচ্ছিল। সদরঘাটে নামার পর আর মাকে খুঁজে পায়নি। এর পর থেকে ফুটপাতে তার দিন কাটতে থাকে। একসময় গাবতলী এসে পৌঁছায়। সেখানে গাড়ি পরিষ্কারের কাজ শুরু করে। সারা দিন পরিশ্রমের পর তার রাত কাটত বাসে। পরে রিকশা ও ভ্যানগাড়ি চালাতে শুরু করে। এভাবে কিছু টাকা জমা করার পর বাবা-মাকে খুঁজতে বের হয় সে। গত রোববার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চে ওঠে এবং পরদিন সোমবার সকালে বরিশাল এসে বাড়িঘরের খোঁজ করতে থাকে। একপর্যায়ে ওই মোটরসাইকেলের চালক পটুয়াখালীতে খাজুরা নামে জায়গা রয়েছে বলে তাকে এখানে নিয়ে আসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, ছেলেটি থানায় এসেছিল। পরে স্থানীয় কিছু লোকজনের সহায়তা নিয়ে বরগুনার আমতলীতে বাড়ি খোঁজার জন্য চলে গেছে।