মা-বাবাকে খুঁজছে শিশুটি

শিশুটি একবার বলছে ‘আম্মার কাছে যাব’, আবার বলছে ‘আব্বার কাছে যাব’। সে বাড়ির ঠিকানাও পুলিশকে দিয়েছে। কিন্তু এখনো তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ বলছে, শিশুটি যে ঠিকানা দিয়েছে, সেটি সম্ভবত ভুল। তাই তার পরিবারের হদিস পাওয়া যাচ্ছে না।
কিন্তু বাড়ি ফিরতে ব্যাকুল শিশুটি বলছে, ‘আমাকে গাড়িতে তুলে দাও, আমি নিজেই বাড়ি যাইমু।’
শিশুটির নাম ছাব্বির। বয়স আনুমানিক ছয়। পুলিশকে সে বলেছে, তার বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার রায়েরবাগ গ্রামে। বাবার নাম শফিক আহমদ, মা শায়লা। পাঁচ-ছয় দিন আগে অপরিচিত এক ব্যক্তি বেড়ানোর লোভ দেখিয়ে তাকে সিলেটে নিয়ে আসে।
সিলেট কোতোয়ালি থানা-পুলিশ জানায়, শিশুটিকে নগরের দরগা গেট এলাকা থেকে উদ্ধার করে গত মঙ্গলবার রাত ১১টার দিকে থানায় রেখে যান এক ব্যক্তি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বর্তমানে সে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসিনা খাতুন বলেন, শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, দিনাজপুরের সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ওসি খোঁজ নিয়ে রায়েরবাগ নামে তাঁর থানায় কোনো গ্রাম নেই বলে জানিয়েছেন।
যোগাযোগ করা হলে দিনাজপুরের কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, তাঁর থানায় রায়পুর ও রামপুর নামে দুটি গ্রাম থাকলেও রায়েরবাগ নামে কোনো গ্রাম নেই। এরপরও সব ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। শিশু হারানোর বিষয়ে সম্প্রতি থানায় কেউ জিডিও করেননি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল লাভলী বলেন, শিশুটি মায়ের কোলে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। ‘মা-বাবার কাছে যাব’ বলতে বলতে সে ঘুমিয়ে পড়ছে।
বুধবার বিকেলে ছাব্বিরের সঙ্গে কথা হয়। তখন সে বলেছিল, ‘আমার বাসা কারুল চৌরাস্তার মোড়ে’। এ সময় তার পরনে ছিল গোলাপি-হলুদ-কালো রঙের চেক শার্ট, বুকে ঝুলছিল একটি কালো সানগ্লাস।
ছাব্বিরের দেওয়া তথ্য অনুযায়ী, খোঁজ নিয়ে ‘কারুল’ নামে কোনো স্থানের অস্তিত্ব দিনাজপুরে পাওয়া যায়নি। তবে এ জেলায় বিরল নামে একটি উপজেলা রয়েছে। ওই থানার ওসি তাপস কুমার পণ্ডিত বলেন, ‘রায়েরবাগ নামে কোনো গ্রাম আমার থানায় নেই। এরপরও শিশুটির অভিভাবক খুঁজতে আমরা চেষ্টা করব।’
এসআই হাসিনা খাতুন গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, কাল (শনিবার) দুপুরের মধ্যে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া না গেলে আদালতের মাধ্যমে তাকে সেফ হোমে পাঠানো হবে।