মা-বাবাকে খুঁজছেন ২৫ বছরের জুয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

☀ তখন তাঁর বয়স আনুমানিক ৪ বছর ছিল। মা-বাবার সঙ্গে লঞ্চে ঢাকায় এসেছিলেন

☀ এখন জুয়েল নামেই তাঁর পরিচয়। বয়স ২৫। চাকরি করেন সমাজসেবা অধিদপ্তরে

জুয়েল, খেলার সাথির তাড়া খেয়ে হারিয়ে ফেলল বাড়ি। ১৯৯৬ সালের ছবি
জুয়েল, খেলার সাথির তাড়া খেয়ে হারিয়ে ফেলল বাড়ি। ১৯৯৬ সালের ছবি

নদী, লঞ্চ, বড় বড় দালান, পুরোনো গলি-এটুকুই মনে পড়ে জুয়েলের। মায়ের মুখটাও মনে পড়ে, তবে আবছা। মনে পড়ে বাবার স্নেহের স্পর্শ। একটা বোন কিংবা ভাই ছিল, নাম মনে নেই। নিজের নামটাই বা কী? সোহেল নাকি জুয়েল?
তবে এখন জুয়েল নামেই তাঁর পরিচয়। বয়স ২৫। চাকরি করেন সমাজসেবা অধিদপ্তরে।

এখন স্মৃতির সব কুয়াশা কাটাতে চান জুয়েল। জানতে চান কোথায় তাঁর বাড়ি। কে তাঁর মা-বাবা। অন্যের আশ্রয়ে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসেছেন জুয়েল। দাঁড়িয়েছেন নিজের পায়ে। তবু মনের ভেতর ২১ বছরের শূন্যতা।
স্মৃতি হাতড়ে যতটুকু বলতে পারেন জুয়েল সে অনুযায়ী, তখন তাঁর বয়স আনুমানিক ৪ বছর ছিল। মা-বাবার সঙ্গে লঞ্চে ঢাকায় এসেছিলেন। ঢাকাতেই কোনো এক বাসায় তাঁরা থাকতেন। একদিন বাসার পাশে খেলতে গিয়ে এক সঙ্গীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। ওই সঙ্গী তাঁকে তাড়া করে। ছোট্ট জুয়েল দৌড়ে অন্য এক গলিতে গিয়ে লুকিয়ে পড়েন। কিছু সময় পর গলি থেকে বের হন। কিন্তু আর বাসা খুঁজে পাননি।

এরপর অপরিচিত একজন মানুষ জুয়েলের সাহায্যে এগিয়ে আসেন। ওই ব্যক্তি আশপাশে খোঁজখবর নেন। কিন্তু জুয়েলের পরিবারের কাউকে আর খুঁজে পাননি। ওই ব্যক্তি জুয়েলকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে এক বা দুই দিন রেখে জুয়েলকে নিয়ে থানায় যান। পরে পুলিশ তাঁকে সমাজসেবা অধিদপ্তরের ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।

কে সেই লোক, ঘটনাটি বা কোন এলাকার-কিছুই মনে নেই জুয়েলের। তবে পুলিশের কাছ থেকে ভবঘুরে আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের একটা নথি পাওয়া গেছে। সেই নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ২৫ অক্টোবর হাজারীবাগ ট্যানারি এলাকায় হারিয়ে যান জুয়েল। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যার নম্বর ৫০২০। কিন্তু জিডির কোনো কপি পাওয়া যায়নি। জিডির কপি না পাওয়ায় কে জিডিটি করেছিলেন সে সম্পর্কেও কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।
ভবঘুরে আশ্রয়কেন্দ্রে জুয়েলের প্রতি মায়া জন্মে কেন্দ্রের এক নারী কর্মকর্তার। তিনি জুয়েলকে আশ্রয়কেন্দ্র থেকে তাঁর বাসায় নিয়ে যান এবং স্কুলে ভর্তি করে দেন। সেখানেই স্নেহে ও ভালোবাসায় বেড়ে ওঠেন জুয়েল। উচ্চমাধ্যমিক পাস করার পর সমাজসেবা অধিদপ্তরে চাকরি হয় তাঁর।

আশ্রয় দেওয়া সেই নারী কর্মকর্তাকেই মা ডাকেন জুয়েল। কথা হয় জুয়েলের এই মায়ের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তখন ও নিজের নাম একবার বলত জুয়েল আরেকবার বলত সোহেল। কথায় বরিশালের টান ছিল। পরনে খুব সাধারণ জামাকাপড় ছিল। বলেছিল, তাড়া খেয়ে বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছিল সে।’
রাস্তা হারানো জুয়েল এখন পথের সন্ধানে নেমেছেন; বাড়ির পথ। চান বাবা তাঁর কাঁধে রাখুক ভরসার হাত। মা তাঁকে বুকে জড়িয়ে জিজ্ঞেস করুক-এত দিন কোথায় ছিলি?