মা-বাবাকে খুঁজে ফেরে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার বছরের শিশু সিয়াম মা-বাবার ছবি নিয়ে সারাক্ষণ তাঁদের খুঁজে বেড়ায়। নানির কাছে প্রতিনিয়ত মা-বাবার জন্য বায়না ধরে। নানি আনোয়ারা বেগম নাতির প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন না। এ কারণে অনেক সময় আনোয়ারা কান্নায় ভেঙে পড়েন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে রোকসানা ও ইমরান নিহত হন। এ সময় এই দম্পতি রেখে যান আড়াই বছরের সিয়ামকে।
সাভারের ওই ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়জন নিহত ও ১২ জন আহত হন। নিহত অন্য সাতজন হলেন সেলিম রানা (২৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (২২), হালিম মিয়া (২৫), আসমা বেগম (২৬), সেকান্দর আলী (২৬), সেন্টু মিয়া (২৪) ও কাওসার আহম্মেদ (২০)।
আনোয়ারা জানান, রানা প্লাজার পাশে তিনি স্বামী আবদুর রশীদকে নিয়ে হোটেল-ব্যবসা করতেন। মেয়ে রোকসানা ও জামাতা ইমরান রানা প্লাজার তৃতীয় তলায় পোশাকশ্রমিকের কাজ করতেন। ঘটনার পর সিয়ামকে নিয়ে চকপাড়া মহল্লায় চলে আসেন। সিয়ামের নামে বিদেশিরা ১০ লাখ টাকা ও সরকার থেকে আড়াই লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দিয়েছে। ওই টাকা সিয়াম সাবালক হলে ওঠাতে পারবে। বলা হয়েছিল, আড়াই লাখ টাকার প্রতি মাসে যে লভ্যাংশ হবে, তা সিয়ামের ভরণপোষণের জন্য খরচ হবে। ব্যাংকে সেই টাকার মনোনীত ব্যক্তি হয়েছেন সিয়ামের এক চাচাতো ভাই। দুই বছর পার হলেও তাঁরা কোনো টাকা পাননি।
চার বছর বয়সের ছন্দার বাবা হালিম মিয়ার মৃত্যুর এক বছর যেতে না-যেতেই প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যে টাকা পেয়েছিলেন, সেই টাকা নিয়ে মা দ্বিতীয় স্বামীর ঘরে চলে যান। ছন্দার আশ্রয় হয় দাদা-দাদির কাছে।
ছেলে সেলিম, ছেলের বউ রহিমা ও মেয়ে মুনিরাকে হারিয়ে নাতি রনিকে পেয়ে মন্নাফ মিয়া মেয়ে ও ছেলে হারানোর শোক ভুলতে চেয়েছিলেন। কিন্তু গত বছর ডায়রিয়ায় রনি মারা যায়। আসমার দুই ছেলেমেয়েও নানা-নানির সংসারে কষ্টের মধ্যে বড় হচ্ছে।
নিহতদের স্মরণ: নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল শুক্রবার স্থানীয় চকপাড় কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।