মা-বাবাকে ঘরছাড়া করায় ছেলে-বউয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিন্নত আলী ও তাঁর স্ত্রী শামছুন্নাহার মা-বাবাকে ঘরছাড়া করায় ছেলে-বউয়ের বিরুদ্ধে মামলা
মিন্নত আলী ও তাঁর স্ত্রী শামছুন্নাহার মা-বাবাকে ঘরছাড়া করায় ছেলে-বউয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধ মা-বাবাকে ঘরছাড়া করার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অসীম কুমার দের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে  বাবা মিন্নত আলী বাদী হয়ে তাঁর ছেলে  নুরুল আমিন ও তাঁর (নুরুল) স্ত্রী জেসমিন আক্তারকে আসামি করে আদালতে এ মামলা করেন।

মিন্নত আলীর স্ত্রী শামছুন্নাহার জানান, তাঁদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারসংলগ্ন আলীপুর গ্রামে। তাঁদের এক ছেলে ও চার মেয়ে। তাঁর স্বামী মিন্নত আলী ৫০ বছর ধরে ভিক্ষাবৃত্তি ও ফেরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ অবস্থায় একমাত্র ছেলে নুরুল আমিনকে বড় করে বহু কষ্টে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি জোগাড় করে দেন। পরপর দুবার চাকরিরত অবস্থায় নুরুল আমিন বিদেশে মিশনে যান। কয়েক বছর আগে নুরুল আমিন চাকরি থেকে অবসর নেন। অসহায় পিতার ২৯ শতাংশ ভিটেবাড়ি তাঁকে লিখে দিতে চাপ দিলে মিন্নত আলী অসম্মতি জানান। এর পর থেকে নুরুল আমিন ও তাঁর স্ত্রী জেসমিন তাঁদের ওপর নানা রকম নির্যাতন চালানোর পাশাপাশি ভরণপোষণে কষ্ট দিতে শুরু করেন। তিনি বলেন, ২০১৩ সালের ২১ জুন তাঁদের বসতঘর থেকে বের করে দেয় ছেলে। পরে তাঁরা রান্নাঘরে আশ্রয় নেন। এরপর তাঁর এক মেয়ে কোনো রকমে তাঁদের সহযোগিতা করে বাঁচিয়ে রাখে। এতেও ক্ষান্ত হয়নি ছেলে ও পুত্রবধূ। ১৪ এপ্রিল মা-বাবা উভয়কে হুমকি-ধমকি দিয়ে রান্নাঘর থেকেও বের করে দেয়। এ বিষয়ে বাবা মিন্নত আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে কোনো সুরাহা পাননি। পরে এলাকার সুধীমহল আদালতের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিলে মিন্নত আলী মামলাটি দায়ের করেন।

আদালত মামলার বিবরণ দেখে বিচারক আসামিদের আগামী ১৪ মে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন শাহেদুল হক মজুমদার।