মা-বাবাকে বাড়িছাড়া
বসতভিটা দখল করার জন্য চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ব্যক্তি বৃদ্ধ মা-বাবাকে বাড়িছাড়া করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসহায় মিন্নত আলী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছেলে নুরুল আমিন ও ছেলের বউ জেসমিন আক্তারকে আসামি করে চাঁদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন।
আরজিতে উল্লেখ করা হয়, মিন্নত আলী ও তাঁর স্ত্রী শামছুন্নাহারের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারসংলগ্ন আলীপুর গ্রামে। তাঁদের এক ছেলে ও চার মেয়ে। মিন্নত আলী ৫০ বছর ধরে ফেরি করে দাঁতের খিলালসহ ক্ষুদ্র পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এ অবস্থায় ছেলে নুরুল আমিন সেনাবাহিনীতে চাকরি পান। চাকরিরত অবস্থায় নুরুল আমিন দুইবার বিদেশে শান্তি মিশনে যান। কয়েক বছর আগে নুরুল আমিন চাকরি থেকে অবসর নেন। এরপর তিনি বাবার ২৯ শতাংশের একমাত্র বসতভিটা তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু মিন্নত আলী মেয়েদের অংশ সমানভাবে দিতে চান। এ নিয়ে নুরুল আমিন ও জেসমিন বৃদ্ধ মিন্নত ও শামছুন্নাহারের ওপর নানা রকম নির্যাতন চালান। পাশাপাশি ভরণপোষণে কষ্ট দিতে শুরু করেন। গত বছরের ২১ জুন তাঁদের বসতঘর থেকে বের করে দেন নুরুল। তখন তাঁরা রান্নাঘরে আশ্রয় নেন। গত সোমবার পয়লা বৈশাখে রান্নাঘর থেকেও তাঁদের বের করে দেন ছেলে নুরুল ও তাঁর স্ত্রী। মিন্নত আলী ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পাননি।
আইনজীবী শাহেদুল হক মজুমদার জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের আগামী ১৪ মে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।