মা-বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে গতকাল রোববার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-বাবাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
দুই বোন এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ৷ ওই ঘটনায় মামলা হয়েছে৷
মেয়ে দুটির বাবা জানান, ভোর চারটার দিকে মুখোশ পরা সাত-আটজন লোক সিঁধ কেটে তাঁর বসতঘরে ঢোকে। তারা রামদা দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ করে দুর্বৃত্তরা৷
গতকাল বিকেলে বিয়ানীবাজার থানায় মামলা করতে এসে মেয়ে দুটির বাবা মুঠোফোনে কেঁদে কেঁদে প্রথম আলোকে বলেন, ‘আমরার হাত-পাও বান্ধি (বেঁধে) গলাত (গলা) রামদা রাখছিল। চউখের সামনে ঘটনা দেখে চউখ মুজি কানছি (কাঁদা) আর আল্লারে ডাকছি।...কত মিনতি করছি...হুনলা না পাষাণ্ডরা!’
পুলিশ জানায়, মেয়ে দুটির বাবা দিনমজুর। গ্রামের কিছুটা নিরিবিলি এলাকায় তাঁদের বসতঘর। এ কারণে দুর্বৃত্তরা সহজেই সিঁধ কেটে ঘরে ঢুকতে পারে। তারা ধর্ষণ শেষে চলে যাওয়ার পর দুই মেয়ে ও মা-বাবার কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে যান৷ তাঁরা ঘটনা জেনে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দুই বোনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান ও চারখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমদ আলী। এ দুই জনপ্রতিনিধি ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহির আলী জানান, প্রাথমিক তদন্তে সিঁধ কেটে একাধিক ব্যক্তির ঘরে প্রবেশ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল ওই মেয়েদের বাবা বাদী হয়ে মামলা করেছেন৷ ধর্ষণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণকারীরা একই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, তারা পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে৷