মা-বাবাকে ভরণপোষণের টাকা দেওয়ার নির্দেশ
ফরিদপুরে মা-বাবাকে ভরণপোষণ বাবদ সেলিম সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সুমন হোসেন এ আদেশ দেন।
এ মামলার বাদী ছিলেন সেলিমের মা জহুরা বেগম (৬০)। তাঁর বাবার নাম পাচু সরদার (৭৫)। তাঁদের বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গাজনা গ্রামে।
জহুরা বেগমের আইনজীবী মানিক মজুমদার বলেন, সমন পেয়ে গতকাল সেলিম সরদার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
আদালত এক হাজার টাকা জামিননামায় জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলা চলাকালে মায়ের ভরণপোষণের জন্য তাঁকে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়ার আদেশ দেন।
প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মায়ের হাতে এ টাকা দিতে হবে। এ সময় আদালতে জহুরা বেগম (৬০) ও পাচু সরদার (৭৫) উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, জহুরা বেগম ও পাচু সরদার দম্পতির দুই ছেলে। বড় ছেলে মুরাদ সরদার অনেক আগেই আলাদা হয়ে যান। তাঁরা ছোট ছেলে সেলিমের সঙ্গে থাকতেন। তাঁদের বসতভিটা ভরণপোষণের শর্তে ছোট ছেলে সেলিম সরদারকে লিখে দেন। কিন্তু সেলিম সরদার গত ১৪ জানুয়ারি বাড়ি থেকে জোর করে মা-বাবাকে তাড়িয়ে দেন।
১৪ এপ্রিল ওই দম্পতি এলাকার কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেলিমের কাছে ভরণপোষণ বাবদ প্রতিদিন ১০০ টাকা দাবি করেন, কিন্তু সেলিম তা দিতে রাজি হননি।
১৭ এপ্রিল ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেন জহুরা বেগম। এ বিষয়ে ১৮ এপ্রিল প্রথম আলোয় ‘ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।