মা-বাবাকে যেন সবকিছু খুলে বলতে পারে সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৬২ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেছেন, মা-বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক খোলামেলা হওয়া উচিত। সন্তান কোথায় যাচ্ছে? কী করছে? কখন ফিরছে? প্রতিটি বিষয়ে মা-বাবাকে খোঁজখবর নিতে হবে।
গতকাল রোববার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ পরামর্শ সভায় বেশ কিছু মাদকাসক্ত রোগীকে পরামর্শও দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্ট এ মাদকবিরোধী আন্দোলন পরিচালনা করে। বিশেষজ্ঞরা আরও বলেন, পরস্পরের সম্পর্ক এমন হবে যাতে সন্তানেরা মা-বাবাকে সবকিছু খুলে বলে। তাঁরা বলেন, মা-বাবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না হলে সন্তানেরা হতাশায় ভোগে। তারা হতাশা থেকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের দুই আসর থেকে ব্যক্তিগতভাবে সমস্যার ধরন অনুযায়ী মনোরোগ চিকিৎসকের পরামর্শ দেওয়া শুরু হয়েছে। কয়েকজন মাদকাসক্ত ও অভিভাবকেরা বলেছেন, এ আসরে সহজে বিশেষজ্ঞদের রোগী দেখানো যায়। এটি প্রথম আলো ট্রাস্টের ভালো উদ্যোগ। বিনা মূল্যে এই সেবা পেতে +৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, মেখলা সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন ও আপনগাঁওয়ের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল রোগীদের পরামর্শ দেন।
প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালনা কর্মকর্তা আজিজা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।