মা-বাবাকে শিক্ষা দিতে শিশুটির দুই হাত কাটেন মামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লেড দিয়ে সাড়ে চার বছরের শিশু ইশতিয়াকের দুই হাতের রক্তনালি কেটে ফেলার কথা স্বীকার করেছেন শিশুটির মামি ফারজানা সুলতানা। গত বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু ইশতিয়াককে হত্যাচেষ্টার ঘটনায় ডেমরা থানায় দায়ের হওয়া মামলায় ফারজানা সুলতানাকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। গতকাল জবানবন্দি দেওয়ার জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠালে তিনি জবানবন্দি দেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩০ মে ডেমরার চিশতিয়া রোডের বাড়িতে শিশু ইশতিয়াকের দুই হাতের রক্তনালি ও গলায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। আহত শিশুটি তার পরিবারকে জানায়, তার মামি ফারজানা এ ঘটনা ঘটিয়েছেন। এরপর পুলিশ ফারজানাকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদে ফারজানা শিশুটিকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন। ইশতিয়াক বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জয়কৃষ্ণ বলেন, ফারজানা আদালতে বলেছেন, ইশতিয়াকদের বাড়ির পাশে স্বামী ও সন্তান নিয়ে তিনি ভাড়া থাকেন। তাঁর স্বামী জসিমের চাকরি চলে যাওয়ার পর ইশতিয়াকের বাবা তাঁদের তাচ্ছিল্য করেন। কারণে-অকারণে বকাঝকা করেন। সম্প্রতি তাঁর স্বামীকে মারধর করেন শিশুটির বাবা। ফারজানা আদালতকে বলেন, ইশতিয়াকের বাবাকে উচিত শিক্ষা দিতে তিনি শিশুটিকে মেরে ফেলার পরিকল্পনা করেন। ৩০ মে ইশতিয়াকের বাসায় যান। তিনি ইশতিয়াককে ভেতরের একটি ঘরে নিয়ে মুখে বালিশচাপা দেন, ব্লেড দিয়ে তার দুই হাতের রগ কাটেন। এরপর গলায় আঘাত করে পালিয়ে যান।