মা-বাবার অসচেতনতাকে দায়ী করল ঢাকা মেডিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমজ নবজাতকের একজন চুরি হওয়ার ঘটনার জন্য মা-বাবার অসচেতনতাকে দায়ী করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

চুরির ঘটনায় ঢাকা মেডিকেলের দায় আছে কি না—জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শিশু ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কাছে জানতে চাওয়া হয় শিশুটি কাকে দেওয়া হবে। সেই অনুযায়ী রোগীর সঙ্গে থাকা স্বজনের কাছে শিশুকে হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রেও শিশুটিকে তার নানির কাছে দেওয়া হয়েছিল।’

মোস্তাফিজুর রহমানের ভাষ্য, শিশুটিকে চুরির দায়ে গ্রেপ্তার রাশেদা খানম ওরফে পারভীনকে নিজেদের আত্মীয় হিসেবে হাসপাতালের কর্মচারীদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন শিশুটির অভিভাবকেরা। রাশেদা খানম শিশুটিকে দুই দিন ধরে কোলে রাখছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মীর পক্ষে শিশু চুরির ঘটনায় জড়িত থাকা সম্ভব নয় বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান। তিনি জানান, যমজ নবজাতকের একজন চুরি হওয়ার পরে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর থেকে চুরি যাওয়া শিশুটিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ২১ আগস্ট ভোরে নবজাতক যমজের একটি চুরি হয়। শিশুটি রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লার বাসিন্দা কাওছার হোসেন ও রুনা আক্তার দম্পতির।