মা-বাবার আচরণ পরিবর্তনের মাধ্যমে সন্তানের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। সন্তানকে ধমক দিয়ে, কঠোর শাস্তি দিয়ে নয়; আদর ভালোবাসার মাধ্যমে মমতায় জড়িয়ে শিক্ষা দিতে হবে। গতকাল রোববার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এক সিম্পোজিয়ামে বক্তারা এ কথা বলেন।‘পিতা-মাতার পরিবর্তনের মাধ্যমে সন্তানের পরিবর্তন সম্ভব’ শীর্ষক এই সিম্পোজিয়ামের আয়োজন করে রিসসো কোসেই কাই, কক্সবাজার। এতে ছয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।অনুষ্ঠানের প্রধান আলোচক টোকিও পারিবারিক শিক্ষা গবেষণাগারের প্রধান রেভারেন্ট মারুইয়ামা সামা বলেন, পারিবারিক শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, মা-বাবার দৈনন্দিন জীবনাচরণের মাধ্যমে সন্তানসহ উভয়কে পারস্পরিক শিক্ষা গ্রহণ করানোটাই এর উদ্দেশ্য।সংগঠনের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান রেভারেন্ড আরিতুমি মিটসুইকি সামার সভাপতিত্বে সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য দেন সংগঠনের রামু শাখার সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান। অনুবাদকের দায়িত্ব পালন করেন সংগঠনের বাংলাদেশের শিক্ষাবিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া। সমাপনী বক্তব্য দেন সংগঠনের কক্সবাজারের পরিচালক বাবুল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিটা বড়ুয়া।