মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা, দাবি ওসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের অপহূত শিক্ষার্থীকে অপহরণকারীরা তাঁর অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে বলে পুলিশ দাবি করছে। কিন্তু ওই মেয়ের মা-বাবাকে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দাবি করেন, পুলিশের চাপের মুখে রোববার দিবাগত গভীর রাতে শাহীন অপহূত মেয়েটিকে তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করে। এরপর ওই মেয়েকে নিয়ে তাঁর বাবা-মা ও আত্মীয়রা গা ঢাকা দিয়েছেন। মুঠোফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে মেয়েটিকে পুলিশি হেফাজতে নেওয়া সম্ভব হচ্ছে না।মেয়েটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গতকাল সোমবার আশুলিয়ার লতিফপুরে গিয়ে তার বাসায় তালা ঝুলতে দেখা যায়। শহীদুল ইসলাম, সামসুল, ইসমাইল হোসেনসহ কয়েকজন প্রতিবেশী জানান, সকাল থেকেই বাসাটিতে তালা ঝুলছে। শনিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ওই শিক্ষার্থী অপহূত হয়।