মা-বাবার কাছে ফিরে যেতে চায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে বাঁচান, ওরা আমাকে নিয়ে যাবে, আমি মা-বাবার কাছে যাব।’ গত বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেন থেকে নেমে দৌড়ে গিয়ে এক নারী কলা বিক্রেতার কাছে আশ্রয় নেয় সে। তাঁর কাছেই আকুতি করে সাত বছরের শিশু সুজন ওই কথাগুলো বলে। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের কলার ব্যবসায়ী ওই নারী জানান, বৃহস্পতিবার ভোরে পাজামা, পাঞ্জাবি ও টুপি পরা শিশুটিকে রেলস্টেশনে পান তিনি। নিরাপত্তার কথা ভেবে ছেলেটিকে তিনি পূর্বপরিচিত ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের কাছে নিয়ে যান। শিশুটি বর্তমানে তাঁর বাসায় আছে। এলাকাবাসীর ধারণা, শিশুটি হয়তো পাচারকারী দলের হাত থেকে পালিয়ে এসেছে।শিশু সুজন জানায়, তার বাবার নাম আকবর আলী, মা সুরমানি, ছোট ভাইয়ের নাম সজীব। বাবা পুলিশে চাকরি করেন। সুজন ঝাউবাড়ি নূরানি মাদ্রাসার ছাত্র। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। ঢাকার বাদামতলীর এক নম্বর ঘাট এলাকায় দীর্ঘদিন যাবৎ তারা বসবাস করছে। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার প্রথম আলোকে জানান, শিশুটিকে পাওয়ার পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শিশুটির পরিবারের সন্ধানে সব থানায় বার্তা পাঠানো হয়েছে। কিন্তু বুধবার (গতকাল) পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।